মামলাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশ কেন নয়: হাইকোর্ট

হাইকোর্ট ভবনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এক কিশোরকে অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্ত এবং যথাযথ ও দ্রুত বিচার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ও নিয়মিত তদারকি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। আট সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষে ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশে আদালত বলেছেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদের আলোকে এই মামলার সুষ্ঠু তদন্ত ও সুবিচার নিশ্চিত করার জন্য এবং নিয়মিত তদারকি ও পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট আদালতের পিপি, তদন্তকারী কর্মকর্তা ও তদারককারী সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।  

‘মুক্তিপণের ৩০ লাখ টাকাও জোগাড় করেছিলেন, কিন্তু ছেলের ক্ষতবিক্ষত লাশ পেলেন মা–বাবা’ শিরোনামে গত সোমবার প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে এনে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নুরুল হুদা আনসারী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

আইনজীবী মোহাম্মদ নুরুল হুদা আনসারী আদালতে বলেন, বিষয়টির সঙ্গে জনমনে নিরাপত্তা বোধের বিষয় এবং সুষ্ঠু বিচারের প্রত্যাশা জড়িত। সুষ্ঠু তদন্ত এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে জনস্বার্থে তিনি বিষয়টি আদালতের নজরে এনেছেন।

আদালতের নির্দেশ অনুসারে এজাহারের কপি ও অগ্রগতির প্রতিবেদনসহ তথ্যাদি দাখিল করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন শুনানিতে বলেন, ইতিমধ্যে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশ (ডিবি) বরাবরে হস্তান্তর করা হয়েছে। একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু আলামত জব্দ হয়েছে ও উল্লেখযোগ্য অগ্রগতি আছে। শুনানি নিয়ে আজ আদেশ দেওয়া হয়।

প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এক কিশোর অপহৃত হওয়ার পর তাঁর মা–বাবা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তবে সেখান থেকে আশানুরূপ সাড়া না পেয়ে অপহরণকারীর চাহিদামতো মুক্তিপণের ৩০ লাখ টাকাও জোগাড় করেছিলেন। কিন্তু সেই ছেলেকে আর ফিরে পাননি তাঁরা। তিন দিন পর বসুন্ধরা এলাকা থেকে উদ্ধার করা হয় তাঁর গলাকাটা লাশ। নিহত তৌহিদুল ইসলাম (১৯) পরিবারের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ডি ব্লকে থাকতেন। তাঁর বাবা মোহাম্মদ নবী হোসেন জমি কেনাবেচার ব্যবসায় যুক্ত। দুই ভাই এক বোনের মধ্যে তৌহিদুল ছিলেন দ্বিতীয়। আগে মাদ্রাসায় পড়ে আসা তৌহিদুল বর্তমানে ভাটারার ডুমনি স্কুলে নবম শ্রেণিতে পড়তেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে জুয়েল রানা (২৮) নামে বসুন্ধরা সিকিউরিটিজের একজন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই ২৬ নভেম্বর সকালে বসুন্ধরার ‘পি’ ব্লকের একটি ছনখেত থেকে তৌহিদুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তৌহিদুলকে হত্যার দায় স্বীকার করে জুয়েল রানা ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।