মালিক হয়েও ভাড়া বাসায় বৃদ্ধ বাবা: প্রকাশিত খবরে ছেলের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘ছয়তলা বাড়ির মালিক হয়েও ভাড়া বাসায় বৃদ্ধ বাবা, ছেলের বিরুদ্ধে মামলা’ শিরোনামে ৬ জুন প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ওই বৃদ্ধের ছেলে এম এম মাহমুদ সাইদ। তাঁর দাবি, প্রতিবেদনে বাবাকে বাড়িছাড়া করেছেন এবং বাড়ির দখল পুনরুদ্ধারের জন্য মামলা করেছেন বলে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, সেটি বাস্তব ঘটনার সম্পূর্ণ বিপরীত।
এক প্রতিবাদপত্রে মাহমুদ সাইদ বলেন, ‘আমি কখনোই জোর করে কোনো ফ্ল্যাট দখল করিনি এবং কখনোই পুরো বাড়ি দখল করার কোনো চেষ্টা করিনি।’
মাহমুদ সাইদ বলেন, তিনি ও তাঁর সহযোগীরা বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাঁর বাবাকে এলাকা ছাড়তে বাধ্য করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, কোথাও আশ্রয় নিলে সেখানে গিয়ে বা ফোন করে হুমকি দেওয়া হয়। যাঁরা তাঁকে আশ্রয় দেন, তাঁদেরও চাপ দেওয়া হয়। তাঁকে আশ্রয় দেওয়ার কারণে বড় ছেলের বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
মাহমুদ সাইদ বলেন, ‘আমার মা বা আমার পরিবারের কেউ আমার বড় ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা করিনি। আমি বাবাকে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করিনি, কোথাও গিয়ে বা ফোন করে কাউকে হুমকিও দিইনি। বাড়ি দখল নিয়ে বাবা-ছেলে ও ভাইদের মধ্যে পাল্টাপাল্টি মামলা একাধিক বিষয়টিও সঠিক নয়। প্রতিবেদনে ওয়াহিদ জোবায়ের বলেছেন যে আমার পরামর্শে বাড়ির ভাড়াটে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।’
মাহমুদ সাইদের দাবি, প্রতিবেদনে বাড়ির দখল পুনরুদ্ধারের মামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেই মামলায় করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য
এ প্রতিবেদনে মাহমুদ সাইদের বিরুদ্ধে বাড়ি দখলের যে অভিযোগের উল্লেখ রয়েছে, তা তাঁর বাবা ও ওই বাড়ির মালিক এম মো. আলীর বক্তব্যে এসেছে।
মামলার বিষয়টিও মো. আলী বলেছেন এবং সেই মামলার বিষয়ে পুলিশের বক্তব্যও নেওয়া হয়েছে। বাড়ির দখল পুনরুদ্ধারের মামলাটি এখনো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি।
প্রতিবেদনটি প্রকাশের সময় সম্পাদকীয় নীতিমালা অনুসারে মাহমুদ সাইদের বক্তব্য নেওয়া হয় এবং প্রতিবেদনে তা যুক্তও রয়েছে।