পদ্মা সেতু পার হয়ে পোস্তগোলায় যানজট, ঠিক সময়ে ছাড়ছে না বাস
পদ্মা সেতু পার হয়ে রাজধানীর পোস্তগোলা আসার পর যানজটে পড়ছে বাস। সেখান থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল পর্যন্ত আসতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এ কারণে যথাসময়ে সায়েদাবাদ থেকেও বাস ছেড়ে যাচ্ছে না। এ কারণে টিকিট না পেয়ে এবং দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে অনেক যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে এ চিত্র দেখা যায়। ঢাকা-পিরোজপুর রুটে চলাচলকারী রাজীব পরিবহনের সায়েদাবাদ কাউন্টারের ব্যবস্থাপক লোকমান মুন্সি বলেন, পোস্তগোলা থেকে ধোলাইপাড় পর্যন্ত আসতে দু-চার মিনিট সময় লাগলেও আজ এই পথটুকু আসতেই তিন ঘণ্টা লেগে যাচ্ছে।
বেলা একটার দিকে কথা হলে লোকমান মুন্সি এই প্রতিবেদককে বলেন, ‘এখন আমাদের এখানে ছাড়ার (গন্তব্যে যাত্রার) মতো গাড়ি আছে মাত্র একটা। বেলা দুইটায় সেটি ছেড়ে যাবে। সেটা আগেই বুক করা। আর কোনো বাস না থাকায় টিকিট বিক্রি করতে পারছি না। এখনো রাস্তায় আমাদের ছয়টা গাড়ি আটকে আছে।’
ঢাকা-বাগেরহাট রুটে চলাচলকারী ফাল্গুনী পরিবহনের কাউন্টার মাস্টার মো. নাঈম বলেন, পোস্তগোলা থেকে ধোলাইপাড় পর্যন্ত তীব্র যানজট। সেখানে একই জায়গায় বাস দাঁড়িয়ে থাকে। তবে ধোলাইপাড় পার হলে যানজট কিছুটা কম। এ কারণে ধোলাইখাল পার হতে পারলেই বাসগুলো দ্রুত চলে আসতে পারছে।
নাঈম আরও বলেন, ‘গাড়ি ঠিক সময় আসতে পারলে আরও তিন থেকে চারটা বাসের টিকিট বিক্রি করতে পারতাম। এখন একটা গাড়ি আছে, সেটার টিকিট বিক্রি করছি।’
সায়েদাবাদ বাস টার্মিনালে পটুয়াখালী যাওয়ার জন্য অপেক্ষায় আছেন আল-আমিন। বাস কাউন্টারে টিকিট খুঁজেও পাননি গুলিস্তান এলাকার এই ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি বলেন, ‘পটুয়াখালীর কোনো বাস পেলাম না। এ জন্য এখন বরিশাল পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপর সেখান থেকে পটুয়াখালী যাব।’
সায়েদাবাদের পরিবহন খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পদ্মা সেতু হয়ে বাস যথাসময়ে যেতে পারছে। পদ্মা সেতুতে ওঠার আগে দয়াগঞ্জ, জনপদসহ কিছু জায়গায় একটু যানজটে পড়লেও তা হালকা। যাওয়ার সময় তেমন সমস্যা হচ্ছে না। বিভিন্ন গন্তব্য থেকে পদ্মা সেতু হয়ে আসার সময়ও সমস্যা হচ্ছে না। তবে পদ্মা সেতু পার হয়ে পোস্তগোলা এলেই গাড়িগুলো তীব্র যানজটের মধ্যে পড়ছে।
আজ দুপুরে দেখা যায়, পদ্মা সেতু হয়ে চলাচলকারী দক্ষিণাঞ্চলগামী পরিবহনের কাউন্টারগুলোয় মানুষের কিছুটা চাপ আছে। পদ্মা সেতু হয় যায় না—এমন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে হাঁকডাক করছে। এতে যানজটসহ মানুষের ভোগান্তি হচ্ছে। তবে সিলেট বিভাগের রুটে চলা কাউন্টারগুলো ফাঁকা। দিবারাত্রি চলাচলকারী এসব বাসের বুকিংও কম হচ্ছে আজ।