কাল তিন ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রাজধানী ঢাকার মগবাজার থেকে মৌচাক হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তার উত্তর পাশে আগামীকাল বুধবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসব এলাকার গ্রাহকেরা গ্যাস পাবেন না।
এ ছাড়া একই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজধানীর গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।