ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার ব্যবস্থাপনায় মিছিলটি মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা থেকে বের হয়। মিছিলটি আসাদ গেট ঘুরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয়।
সৈয়দ মোহাম্মদ তাহির শাহর নেতৃত্বে এই মিছিলে হাজার হাজার আশেকে রাসুল কালেমা তাইয়েবাখচিত পতাকা নিয়ে অংশ নেন। পরে সৈয়দ তাহির শাহর সভাপতিত্বে মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা মাঠে ঈদে মিলাদুন্নবী মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ সাবির শাহ।
কাদেরিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ। আরও বক্তব্য দেন আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ শহীদ উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসাইন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)–এর তাৎপর্য তুলে ধরে বয়ান করেন কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলিম রিজভী, বিশিষ্ট আলেম মুফতি মাহমুদুল হাসান, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা মাহমুদুর রহমান চিশতী, মাওলানা নাসির উদ্দিন প্রমুখ। পরে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহির শাহ।