পুরান ঢাকায় অনুষ্ঠিত হলো নেহারি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার খাদ্যসংস্কৃতির অনুষঙ্গ ও রীতিনীতিগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন
ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হলো ঢাকাই নেহারি উৎসব। ২৫ আগস্ট পুরান ঢাকার খাজে দেওয়ান সিরাজউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনাড়ম্বরপূর্ণ এ উৎসবের আয়োজন করা হয়। ঢাকার ইতিহাস ও ঐতিহ্য গবেষণা কেন্দ্র ‘ঢাকা ফোরাম’ ও সামাজিক সংগঠন ‘ঢাকাইয়া ঐক্য ছিল’ এর আয়োজক।

ঢাকার খাদ্যসংস্কৃতির অনুষঙ্গ ও রীতিনীতিগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে এ উৎসবের আয়োজন। ঢাকার এক প্রান্ত থেকে অপর প্রান্তের বিভিন্ন এলাকার বাসিন্দা, সামাজিক সংগঠন, পঞ্চায়েত, বিভিন্ন পেশাজীবী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথিরা যোগ দেন উৎসবে
ছবি: সংগৃহীত

ভিন্নধর্মী আয়োজনটি হয়ে উঠেছিল ঢাকাবাসীর মিলনমেলায়। উৎসবে ঢাকাই নেহারি, নানরুটি, পনিরের চাসহ বিভিন্ন মুখরোচক খাবার পরিবেশন করা হয়। ২০১৯ সাল থেকে ধারাবাহিক এ উৎসবের আয়োজন করে আসছে ঢাকা ফোরাম।

আয়োজন নিয়ে লেখক গবেষক সাদ উর রহমান বলেন, ‘পেশা ও যাপিত জীবনের তাগিদে আমাদের ব্যস্ততায় মানবিক সংযোগটি যেন হারিয়ে না যায়। মানুষের মাঝে পরস্পরের প্রতি সৌহার্দ্য, ভ্রাতৃত্বের বন্ধনটি যেন জাগ্রত থাকে সেই লক্ষ্যে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততায় এই উৎসব আয়োজনের আশা ব্যক্ত করি।’