চিকিৎসার জন্য ঢাকায় এসে কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী হিরণ হাওলাদার (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত রিকশাটির চালক।

আজ সোমবার ভোররাতে মতিঝিল এজিবি কলোনির কাছের একটি পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটক এবং কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।

পুলিশ জানায়, পেশায় প্রাইভেট কারচালক হিরণ চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন। ভোরবেলা সদরঘাটে নেমে ব্যাটারিচালিত রিকশায় রামপুরা যাচ্ছিলেন। এজিবি কলোনিতে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন হিরণ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ছয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপপরিদর্শক অনিল চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ডাক্তার দেখাতে গ্রাম থেকে ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হিরণ। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হিরণের বাড়ি ভোলা জেলার তমিজউদ্দীন উপজেলার চর জহুর উদ্দিন গ্রামে। তাঁর বাবার নাম মৃত মঞ্জু হাওলাদার। স্ত্রী ও চার বছরের এক ছেলে রয়েছে তাঁর।