সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের মধ্যে চারজন আইসিইউতে
রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চারজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
চারজনের মধ্যে তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে আছেন। অন্যজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন আজ বুধবার সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১০ জন এখানে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে তিনজন এখন আইসিইউতে এবং দুজন ‘লাইফ সাপোর্টে’ আছেন।
সামন্ত লাল সেন বলেন, বার্ন ইনস্টিটিউটে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে কেউই শঙ্কামুক্ত নন। তাঁদের সবারই ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আজ সাংবাদিকদের বলেন, তাঁর হাসপাতালে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে একজন আইসিইউতে আছেন। বাকি যাঁরা হাসপাতালে ভর্তি আছেন, তাঁদের অবস্থা উন্নতির দিকে।
নাজমুল হক জানান, গতকাল বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে আসেন। অধিকাংশ ব্যক্তিকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে ১৩টি লাশ আসে এবং ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।