রাজধানীর হানিফ উড়ালসড়কে বাসচাপায় একজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর হানিফ উড়ালসড়কে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম জহুর আলী (৫০)। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

যাত্রাবাড়ী থানার এসআই জাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, বন্ধু পরিবহনের একটি বাস হানিফ উড়ালসড়ক দিয়ে গোলাপবাগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জহুর আলীকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে জহুর আলীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই জাহিদুজ্জামান।