বাসের চাকা ঘুরলে পেটও চলে, বললেন বাসচালক জগলু
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দাঁড়িয়ে আছে চুয়াডাঙ্গাগামী রয়েল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস। চালকের আসন ছেড়ে বাসটির ভেতরে যাত্রীদের বসার আসনে অলস বসে ছিলেন ওই বাসের চালক জগলু মণ্ডল।
অবরোধের কারণে যাত্রী না থাকায় বাস বন্ধ রাখা হয়েছে জানিয়ে জগলু মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘বাসের চাকা ঘুরলে আমাদের পেট চলে, জীবন চলে। আর বাস না চললে আমাদের আয়ও বন্ধ হয়ে যায়।’
পাশেই বাসটির ইঞ্জিনের (বনাট) ওপরে বসে ছিলেন সুপারভাইজার রাকিব হাসান। আর মেকানিককে সঙ্গে নিয়ে বাসের একটি জানালা মেরামতের কাজ করছিলেন চালকের সহকারী হৃদয় বিশ্বাস।
অবরোধে বাস চালাতে না পেরে অনেক ধারদেনা হয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘গাড়ি বন্ধ তো টেকা নাই। এর-ওর কাছ থেকে ধারদেনা করে চলতেছি। নিজে খাই আর না খাই, বাড়িতে বউ-পোলাপানরে তো খাওন দিতে হইব।’
জগলু মণ্ডলের সঙ্গে কথা বলে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকা, আবার ঢাকা থেকে চুয়াডাঙ্গা—এভাবে আসা-যাওয়ায় তাঁদের একটি ট্রিপ হিসাব করা হয়। এমন একটি ট্রিপ শেষ করলে চালক জগলু মণ্ডল পান ১ হাজার ৪৩০ টাকা। আর তাঁর সহকারী ও সুপারভাইজার পান ৭০০ টাকা করে। কিন্তু বাস না চললে তাঁদের কোনো টাকা রোজগার হয় না। মালিকপক্ষ থেকেও কোনো টাকা দেওয়া হয় না। লাগলে ধার বা অগ্রিম নিতে হয়।
বাসটির সুপারভাইজার রাকিব হাসান বলেন, ‘আমাদের অবস্থা খারাপ।’ দর্শনা ডিলাক্সের একটি বাসের চালকের সহকারী রুবেল মিয়া বলেন, ‘আমাদের তো আর মাস গেলেই বেতন হয় না। বাস নিয়ে রাস্তায় নামলে আমাদের রোজগার হয়। বাস বন্ধ তো আমাদের জীবন অন্ধ।’
বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিন আজ বুধবার সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার কোনো গন্তব্যের বাস ছাড়ছে না। দুপুর ১২টা পর্যন্ত ওই টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছাড়তে দেখা যায়নি। টার্মিনালের ভেতরে যেখানে বিভিন্ন কোম্পানির বাসগুলো পার্কিং করে রাখা হয়, সেখানে বাসচালক, সহকারী ও সুপারভাইজারদের অলস সময় কাটাতে দেখা গেছে। কেউ নিজেদের মধ্যে গল্প-আড্ডা দিচ্ছিলেন। কেউবা মুঠোফোনে ভিডিও দেখে সময় কাটাচ্ছিলেন। কেউ কেউ আবার গাড়ির যন্ত্রাংশ মেরামত ও রক্ষণাবেক্ষণের টুকিটাকি কাজ সেরে নিচ্ছিলেন।
একাধিক পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, অবরোধের প্রতিটা দিন নির্ধারিত সময়ে কাউন্টার খোলা হয়। বাসগুলোও ছাড়ার জন্য প্রস্তুত রাখা হয়। কিন্তু যাদের জন্য বাস ছাড়া হবে, সেই যাত্রীরাই নেই। কারণ, যেকোনো গন্তব্যে ২০-২৫ জন যাত্রী না হলে ন্যূনতম খরচ ওঠানো যায় না।
আজও গাবতলী টার্মিনালে গিয়ে দূরপাল্লার কিছু কিছু যাত্রীকে বাস ছাড়ার অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে। তাঁদের একজন রোকসানা বেগম। যাবেন যশোরের চৌগাছায়। সঙ্গে নাতনি ফাতেমা আক্তার রয়েছে। ঢাকায় যাত্রাবাড়ীতে বাপের বাড়ি এসেছিলেন। নাতনি বাড়ি যাওয়ার জন্য কান্না করছে দেখে যশোরে ফিরছেন বলে জানালেন।
রোকসানা বেগম বলেন, ‘সকাল আটটায় গাবতলীতে আসছি। বেলা দেড়টা-দুইটার দিকে ঈগল পরিবহনের একটি বাস ছাড়বে বলেছে। ওই বাসের টিকিট কেটেছি। টিকিট না কাটলে যাত্রাবাড়ী ফিরে যেতাম। এখন অপেক্ষা করে দেখি।’ রোকসানা বেগম গাবতলী টার্মিনালে যাত্রীদের অপেক্ষার জায়গায় বসেছিলেন। সেখানে তিনি ছাড়া আরও দু-একজনকে অপেক্ষা করতে দেখা গেছে।
অবরোধের অন্যান্য দিনের মতো আজও গাবতলী টার্মিনালের বেশির ভাগ পরিবহন কোম্পানির টিকিট বিক্রির কাউন্টার বন্ধ রাখতে দেখা গেছে। কিছু কাউন্টার খোলা থাকলেও কর্মীদের মুঠোফোনে ভিডিও দেখে কিংবা নিজেদের মধ্যে গল্প করে অলস সময় কাটাতে দেখা গেছে।
মুঠোফোনে নাটক দেখছিলেন কালীগঞ্জ এক্সপ্রেসের কাউন্টার মাস্টার আলমগীর হোসেন। তিনি প্রথম আলোকে জানান, দিনে তাঁরা চারটি বাস ছাড়েন। রাতে দুটি রয়েছে। সব কটি বাস প্রস্তুত, কিন্তু যাত্রী নেই। তবে রাতে একটি বাস ছাড়ার জন্য যাত্রীদের বুকিং নেওয়া হচ্ছে। সাড়ে ১১টা পর্যন্ত সাতটি টিকিট বুকিং হয়েছে বলেও জানান তিনি।
শ্যামলী এন আর পরিবহনের কাউন্টার মাস্টার স্বপন চন্দ্র দাস বলেন, রাতে তাদের ছয়টি গাড়ি ছাড়া হবে। সন্ধ্যা সাতটায় প্রথম বাস ছাড়বে। প্রতিটি বাসেই ৮-১০টি করে টিকিট বুকিং হয়েছে।