মোটরসাইকেলে বাসের ধাক্কা, বেসরকারি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম মো. ওমর ফারুক পলক (২৪)। তিনি বেসরকারি মুগদা ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় জুয়েল রানা (২১) নামের ওমর ফারুকের এক সহপাঠী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ীতে কাজলার ভাঙা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুকের বাবার নাম মমিনুল হক। তাঁরা জিনজিরা এলাকায় থাকেন।
নিহত ওমর ফারুকের দূরসম্পর্কের মামা নাদিম হোসেন বলেন, ওমর ফারুক ও জুয়েল রানা দুজনেই মুগদা ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএর প্রথম বর্ষে পড়াশোনা করেন। আজ সকালে তাঁরা মোটরসাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় আশিয়ান সিটি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আহত ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। জুয়েল রানার ডান হাঁটুতে আঘাত লেগেছে, তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওমর ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত জুয়েল রানা জরুরি বিভাগের চিকিৎসাধীন।