ঢাকা দক্ষিণ সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসেম মারা গেছেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর সার্কেল) মুন্সি মো. আবুল হাসেম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স ছিল ৫৩ বছর।
এই প্রকৌশলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, মুন্সি আবুল হাসেম একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। করপোরেশনের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানে নিজের কর্মকাণ্ডের প্রতি সজাগ থাকার পাশাপাশি সব সময়ই জনকল্যাণকেই প্রাধান্য দিয়েছেন। তাঁর কর্মগুণেই তিনি আমাদের হৃদয়ে সমুজ্জ্বল থাকবেন।
মুন্সি আবুল হাসেম দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। গত বছর দীর্ঘ সময় ভারতে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন।
ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, আজ রাত বাদ এশা বনানী বাজারসংলগ্ন জামে মসজিদে মুন্সি আবুল হাসেমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর লাশ নিজ জেলা কুমিল্লার দেবীদ্বারের গুনাইঘর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।