রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল হাশিম কবিরসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে পল্টন থানার পুলিশ তাঁদের আটক করে।
হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হজরত আলী অভিযোগ করেছেন, দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এসে অনেক হকারকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। পরে বিকেলে ৮-১০ জন পুলিশ সদস্য এসে যাঁকে (হকার) পেয়েছেন, তাঁকেই মারতে মারতে গাড়িতে তুলেছেন।
হজরত আলী বলেন, ‘হকারদের গাড়িতে তোলার সময় হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল হাশিম কবির, হকার নেতা উত্তম ভৌমিকসহ কয়েকজন পুলিশের কাছে জানতে চান, এভাবে কেন হকারদের গ্রেপ্তার করা হচ্ছে? তাঁরা এভাবে গ্রেপ্তারের প্রতিবাদ জানান। এ সময় পুলিশ সদস্যরা তাঁদের পরিচয় জানতে চান। তিনি (আবদুল হাশিম) হকার্স ইউনিয়নের সভাপতি পরিচয় দিলে তাঁকেও মারতে মারতে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।’
হকারদের নেতা আবদুল হাশিম কবির বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় পরিষদের সদস্য। তাঁর সঙ্গে আটক হওয়া উত্তম ভৌমিক সিপিবির পল্টন শাখার সহসম্পাদক এবং শাহীন আলম সিপিবির ঢাকা দক্ষিণের নেতা। আবদুল হাশিম কবিরসহ আটক নেতা-কর্মীদের ছাড়িয়ে নিতে রাতে বিক্ষোভ-মিছিল নিয়ে পল্টন থানার সামনে হাজির হয়েছেন হকার্স ইউনিয়নের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দীন প্রথম আলোকে বলেন, হকাররা পল্টন মোড় থেকে আজাদ প্রোডাক্টের গলি পর্যন্ত ফুটপাত দখল করে হকারি করে আসছিলেন। আজ বিকেলে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত কিছু হকারকে জরিমানা করেছেন। আর কয়েকজনকে আটক করে পল্টন থানায় সোপর্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সকালেই হকারদের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের ব্যানারে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে হকারদের দাবি ছিল, হকার পুনর্বাসনে জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, হকার্স ইউনিয়নের সভাপতিসহ অন্যদের আটক করার বিষয়টি তাঁর জানা নেই। তবে যাঁদের আটক করা হয়েছে, তাঁরা কেউ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তিনি গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানান।