ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৬৬৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী
ফাইল ছবি প্রথম আলো

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৭৮ জনের মৃত্যু হলো। আর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হলো ১৮৫ জনের।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে পাঁচজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯০০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৭৬৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭০ হাজার ৬৬০ ও ঢাকার বাইরে ৮৯ হাজার ১৭৫ জন রয়েছেন।

এর আগে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর—২৮১ জন। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের