রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে আজ বুধবার চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত সাত আনসার সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আনসার সদস্যদের মধ্যে রয়েছেন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. সেকান্দার আলী এবং আনসার সদস্য ওবায়দুর রহমান, সুজন আলী, আরিফুল ইসলাম, শামিম হোসেন, রাসেল আহামেদ ও মনির হোসেন।
পুলিশ ও ক্যানসার গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট ভবনের প্রশাসনিক বিভাগের পাশে নামাজের স্থান দিয়ে এক আনসার সদস্য বুট পরে পাশের ভবনে যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক শাহজাদা এর প্রতিবাদ করেন। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। খবর পেয়ে অন্য আনসার সদস্যরা সেখানে গেলে উভয় পক্ষে বাগ্বিতণ্ডা হয়। চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতালের পরিচালক অধ্যাপক নিজামুল হককে জানানো হয়। আনসার সদস্যরাও ঘটনাটি তাঁদের প্লাটুন কমান্ডারকে জানান।
এ বিষয়ে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এপিসি সেকান্দার আলী প্রথম আলোকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক ও আনসাররা সমঝোতা বৈঠকে বসেন। একপর্যায়ে উপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ বেধে যায়। এতে সাত আনসার সদস্যসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। হাসপাতাল কর্তৃপক্ষ বনানী থানাকে জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে আনসারদের গন্ডগোল হয়েছিল। উভয় পক্ষ বিষয়টি মীমাংসা করে ফেলেছে।অধ্যাপক নিজামুল হক, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে চিকিৎসক-কর্মচারীদের নিয়ে একটি ও আনসারদের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
রাতে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নিজামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে আনসারদের গন্ডগোল হয়েছিল। উভয় পক্ষ বিষয়টি মীমাংসা করে ফেলেছে।’ তবে কী কারণে গন্ডগোল হয়েছে, তা তাঁর জানা নেই বলে জানান তিনি।