বেতন নেন চালক, গাড়ি চালান অন্যরা: তদন্তে কমিটি গঠন ঢাকা দক্ষিণ সিটির
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্যবাহী গাড়ি দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্যদের দিয়ে চালানোসহ বিভিন্ন অনিয়মের নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। তিন সদস্যের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) করপোরেশনের সচিব মো. মশিউর রহমান খানের সই করা এক দপ্তর আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়। আদেশে ১৭ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত ‘বেতন নেন চালক, ময়লার গাড়ি চালান অন্যরা, প্রাণ যায় মানুষের’ শীর্ষক প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, প্রকাশিত সংবাদের ফলে করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংবাদটির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করা হলো।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিমকে। অন্য দুই সদস্য হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ও সাধারণ প্রশাসন শাখার সহকারী সচিব মুহম্মদ মোতালেব। কমিটি সংবাদে উঠে আসা বিষয় পর্যালোচনা ও তদন্ত করে প্রশাসকের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে।
প্রথম আলোর অনুসন্ধানে দক্ষিণ সিটির বর্জ্য পরিবহনের ২২টি গাড়ি দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্যদের দিয়ে চালানোর তথ্য পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এমন গাড়ি অন্তত ৫৬টি। বরাদ্দপ্রাপ্ত চালকদের একাংশ নিজেরা গাড়ি না চালিয়েও বেতন নিচ্ছেন। গাড়ি চালাচ্ছেন তাঁদের রাখা সহকারী বা বহিরাগত ব্যক্তিরা। পাশাপাশি বরাদ্দের জ্বালানি পুরোটা না তুলে বাকি অংশের টাকা ভাগাভাগির অভিযোগও উঠে আসে।
অনুসন্ধানে ২০১৭ সাল থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ সিটির ময়লার গাড়িসংশ্লিষ্ট ১৬টি দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এগুলোর অন্তত তিনটি ঘটনায় দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অন্য ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন।
ওই প্রতিবেদন তৈরির সময় ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম প্রথম আলোকে বলেছিলেন, সহকারীকে গাড়ি চালাতে দিলে সংশ্লিষ্ট চালকের পাশাপাশি তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।