ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১,২৩২

ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা সাড়ে চার বছর বয়সী শিশু জোহাকে কোলে নিয়ে হাসপাতালের অস্থায়ী ডেঙ্গু ওয়ার্ডের সামনে শয্যার জন্য অপেক্ষা করছেন বাবা। রাজধানীর ধলপুর এলাকা থেকে সকাল ১০টায় এলেও আসন ফাঁকা না থাকায় বেলা দেড়টা পর্যন্ত শয্যা পায়নি শিশুটি। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। ১৮ সেপ্টেম্বর ২০২৬ছবি: দীপু মালাকার

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০ হাজার ৩৭৯ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে—৪১৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে।

এ ছাড়া বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৭৭ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ৪৭ জন ও সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩২ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৫৬ হাজার ৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জনস্বাস্থ্য ও কীটতত্ত্ববিদেরা চলতি মাসের শুরুতেই ডেঙ্গুর উচ্চ সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছিলেন।