কলাবাগানে বাসা থেকে সাংবাদিকের লাশ উদ্ধার
রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে কুদরত–ই–খুদা (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি যমুনা টেলিভিশনের নিউজ রুম এডিটর (ডিজিটাল) হিসেবে কর্মরত ছিলেন।
কুদরত ই খোদার একজন সহকর্মী প্রথম আলোকে বলেন, সকালে যমুনা টেলিভিশনে কর্মরত ব্যক্তিদের একটি ফেসবুক গ্রুপে কুদরত-ই-খুদা লিখেছিলেন, তিনি আত্মহত্যা করবেন। তারপর যমুনা টেলিভিশনের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কুদরত-ই-খুদা যমুনা টেলিভিশনে চাকরি করতেন। থাকতেন কলাবাগানের লেক সার্কাসের একটি বাসার অষ্টমতলায়। যমুনা টেলিভিশনের পক্ষ থেকে পুলিশকে তিনি আত্মহত্যা করতে পারেন, এমনটি জানানো হয়। বাসায় গিয়ে দেখা যায়, ভেতর থেকে দরজা বন্ধ করা। দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
কুদরত-ই-খুদার বন্ধু ইফতিয়াক হোসেন ঢাকা মেডিকেলে প্রথম আলোকে জানান, পাঁচ বছর ধরে কুদরত ই খোদার প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। কুদরত ই খোদার বাড়ি সিরাজগঞ্জ সদরের হোসেনপুর উত্তর গ্রামে। তাঁর বাবা আরিফ হোসেন ইতালিপ্রবাসী।