দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সংস্কৃতির অবদানের সঠিক তথ্যের অভাব আছে। কাঠামোগত, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহায়তার অভাবে দেশের সাংস্কৃতিক ক্ষেত্রগুলো হুমকির মুখে। কিন্তু সাংস্কৃতিক পরিপূর্ণতা না এলে জাতি গঠন সম্পূর্ণ হয় না। এই পরিস্থিতি শুধু বর্তমানের নয়। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে সে সংকট অনুভব করেছিলেন, মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টর কমান্ডার কাজী নূর-উজ্জামান।
‘সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ এবং জনগোষ্ঠীর ক্ষমতায়ন’ প্রসঙ্গ নিয়ে আলোচনায় উঠে আসে এসব কথা। শনিবার বিকেলে বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে কাজী নূর-উজ্জামান চতুর্থ স্মারক বক্তৃতায় এ প্রসঙ্গে আলোচনা করা হয়। এ সময় মূল বক্তব্য দেন নৃত্যশিল্পী, শিল্পনির্দেশক ও সংস্কৃতিকর্মী লুবনা মারিয়াম।
কাজী নূর-উজ্জামান ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এ স্মারক বক্তৃতায় জোর দেওয়া হয়েছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে জনমানুষের সম্পৃক্ততার গুরুত্বের ওপর। লুবনা মারিয়াম তাঁর বক্তব্যে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের লোকজ সংস্কৃতির ধারাবাহিকতা ও বর্তমান অবস্থা তুলে ধরেন।
সাংস্কৃতিক সংগঠন সাধনা ও নাচের স্কুল কল্পতরুর প্রতিষ্ঠাতা লুবনা মারিয়াম বলেন, যান্ত্রিকতা বৃদ্ধির ফলে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। সংস্কৃতি পারে সেই মূল্যবোধকে টিকিয়ে রাখতে। কিন্তু মূল দায়িত্ব যাদের হাতে, তাদের নীতিমালা অস্পষ্ট। ঐতিহ্য সংরক্ষণ করতে হলে যাদের সম্পদ, যাদের সংস্কৃতি, তাদের বিচ্ছিন্ন করা যাবে না। একীভূত করে সংরক্ষণ করতে হবে।
লুবনা মারিয়ামের আলোচনায় উঠে আসে সংস্কৃতি নিয়ে মার্কিন নৃতাত্ত্বিক ক্লিফোর্ড গিয়েটর্স আর ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দর্শনের কথা। আর্থসামাজিক বিষয়ের কর্মকাণ্ডে সংস্কৃতির ভূমিকা নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে লুবনা মারিয়ামের বক্তব্যে স্থান পেয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, সংরক্ষণ, ক্ষমতায়ন, জনগণের সম্পৃক্ততা, বিকাশের প্রসঙ্গ।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, কাজী নূর-উজ্জামান দেশের সাংস্কৃতিক পূর্ণতা দেখতে চেয়েছিলেন।
সৈয়দ মনজুরুল ইসলামের বক্তব্যে উঠে আসে ঐতিহ্য রক্ষায় পাঠ ও চর্চামুখী শিক্ষাব্যবস্থার প্রয়োজনের কথা। সনদমুখী শিক্ষাব্যবস্থা কখনো সংস্কৃতি রক্ষার জন্য সহায়ক নয় বলে উল্লেখ করেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি নিয়ে ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, সংস্কৃতিটা হতে হয় সহজাত। নিজস্ব আলো হাওয়ার যেখানে সহাবস্থান থাকে। যে ভূমি থেকে সংস্কৃতি তৈরি হয়, সে ভূমি তাই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ও শিক্ষক মনীষা সরকার। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে শুধু সশস্ত্র সংগ্রামের মধ্যেই সীমিত আকারে যাঁরা ভাবেননি, কর্নেল কাজী নূর-উজ্জামান তাঁদের অন্যতম। জাতীয় পুনর্গঠনের জন্য মুক্তিবাহিনীকে ব্যবহার করার স্বপ্ন দেখেছিলেন তিনি, স্বপ্ন দেখেছিলেন ঔপনিবেশিক শোষণ আর আমলাতন্ত্রের ধারাবাহিকতা থেকে মুক্তির। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘একাত্তরের মুক্তিযুদ্ধ: একজন সেক্টর কমান্ডারের স্মৃতিকথা’, ‘স্বদেশ চিন্তা’, ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি, মুক্তিযোদ্ধা ও রাজনীতি’। সাহসী এই যোদ্ধা ও সংগঠক ২০১১ সালের ৬ মে মৃত্যুবরণ করেন।