মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে আহত চারজন ঢাকা মেডিকেলে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ষোলঘর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। আহত ব্যক্তিদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুর এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) দুর্ঘটনায় চারজন নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন।
এক্সপ্রেসওয়ের ষোলঘর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিদের মধ্য থেকে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
তাঁরা হলেন—জেসমিন সাদিয়া (২৮), তাঁর দুই মেয়ে মোছা. সাফা (১১) ও সামিহা (৭) এবং শ্রমিক বিল্লাল ব্যাপারী (৪০)। এর মধ্যে সামিহার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত জেসমিনের স্বামী ফার্নিচার দোকানকর্মী মো. সুলতান বলেন, তিনি খিলগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকেন। ঈদ উপলক্ষে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বাসে শরীয়তপুরের নড়িয়া কদমতলী গ্রামের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় ছোট মেয়ে ফারিয়া ও তাঁর খুব একটা আঘাত লাগেনি। তবে স্ত্রী ও দুই মেয়ে আহত হয়েছে।
পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়। দুর্ঘটনায় মেয়ে সামিহার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় ও স্ত্রী জেসমিন মাথায় আঘাতপ্রাপ্ত হন। আরেক মেয়ে সাফার মাথা, ঠোঁট ও কপালে আঘাত লেগেছে।
একই ঘটনায় বিল্লাল ব্যাপারী নামের এক শ্রমিককে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে আনা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত ব্যক্তিরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।