আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শেষ, রাজধানীজুড়ে তীব্র যানজট

শাহবাগে বিজয় শোভাযাত্রা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে
ছবি: শুভ্র কান্তি দাশ

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শেষ হয়েছে। এক ঘণ্টার বেশি সময়ের এই শোভাযাত্রা কেন্দ্র করে রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটের কারণে শত শত মানুষকে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

আজ শনিবার বিকেল পৌনে চারটায় শোভাযাত্রাটি শুরু হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শাহবাগের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান ও মিরপুর রোড হয়ে বিকেল পাঁচটার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেষ হয়।

বিজয় শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা একটার দিকেই শাহবাগসহ আশপাশের এলাকায় যানজট শুরু হয়ে যায়। পৌনে দুইটার দিকে শাহবাগ থেকে মৎস্য ভবনের সড়ক শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের কারণে বন্ধ হয়ে যায়।

বাংলামোটরে তীব্র যানজট
ছবি: প্রথম আলো

বিকেল পৌনে চারটার দিকে শোভাযাত্রা শুরু হয়ে যেসব এলাকা দিয়ে গেছে, সেসব এলাকার রাস্তাও বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে অন্যান্য সড়কেও। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়েছে।

দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাতীয় প্রেসক্লাবের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা দেন তন্বী ইসলাম নামের এক নারী। পথে বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত প্রচণ্ড যানজটে আটকা পড়েন। এর পর থেকে রাস্তা তুলনামূলক ফাঁকা ছিল। এরপর তন্বী জাতীয় প্রেসক্লাব থেকে কারওয়ান বাজারের উদ্দেশে বেলা তিনটায় রওনা দিয়ে বিকেল পৌনে পাঁচটায় পৌঁছান। রাস্তাজুড়েই তীব্র যানজট ছিল।

ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজের চিকিৎসক শারমিন সিদ্দিকা বলেন, ‘ধানমন্ডি ৭ নম্বরে একটু কাজ ছিল। রিকশায় করে যেতে অনেকটা সময় লেগে যায়। পরে খানিক পথ বাকি রেখেই রিকশা থেকে নেমে গেলাম। অন্য সময় হলে ১৫ মিনিটে এই কাজ হয়ে যেত।’