তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হওয়ার তিন দিনেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পুলিশ এখনো তাঁকে খুঁজে পায়নি।
জিডিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে মহাখালীর টিবি গেট এলাকা থেকে হীরা লাল নিখোঁজ হন। তাঁর ছেলে রিমন লাল পরদিন (গত বুধবার) বনানী থানায় জিডি করেন।
স্বজনেরা জানান, হীরা লাল মহাখালীর টিবি গেট এলাকায় একটি বিমাপ্রতিষ্ঠানে চাকরি করেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার বেলা দেড়টার দিকে হীরা লাল মহাখালীর ব্র্যাক সেন্টারের সামনে দিয়ে হাঁটছেন। এরপর ফুটেজে আর তাঁকে দেখা যায়নি।
জিডির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজোয়ানুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, হীরা লালের মুঠোফোনটি বন্ধ রয়েছে। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
হীরা লালের এক স্বজন জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো পুরান ঢাকার বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যান তিনি। ওই দিন বেলা ১১টা ৫৬ মিনিটে স্ত্রীর সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। সে সময় স্ত্রীকে তিনি জানিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবেন। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পান। পরে স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।