ঈদের পর সোমবার ৯ লাখের বেশি সিমধারী ঢাকা ছেড়েছেন
ঈদ শেষ হয়ে গেলেও রাজধানীর যাঁরা আগে যেতে পারেননি, তাঁরা এখন নিজ গ্রামে বা শহরে যাচ্ছেন। ঈদের পরে দ্বিতীয় দিন ২৪ এপ্রিল ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ সিমধারী ঢাকার বাইরে গিয়েছেন। তবে এ যাওয়ার সংখ্যা কমে আসছে।
ঈদের পরদিন ঢাকা ছেড়েছিলেন ১২ লাখ ২৮ হাজার ৮০১ সিমকার্ডধারী। অন্যদিকে অফিস-আদালত খুলে যাওয়ায় ঢাকায় ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে। সাড়ে আট লাখ সিমকার্ডধারী ফিরে এসেছেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার আজ মঙ্গলবার তাঁর ফেসবুক পেজে গতকাল সোমবার ঢাকা ছেড়ে যাওয়া ও ঢাকায় আসার মানুষের তথ্য তুলে ধরেন।
মন্ত্রী তাঁর পোস্টে জানান, ঈদের পর গতকাল গ্রামীণফোনের ৩ লাখ ১৬ হাজার ৯৩১ সিমধারী, রবির ১ লাখ ৭৭ হাজার ৩৭৬ সিমধারী, বাংলালিংকের ৪ লাখ ৩৬ হাজার ২৭০ সিমধারী ও টেলিটকের ৯ হাজার ২৩১ সিমধারী ঢাকা ছেড়েছেন। আর ১৮ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ১ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৩৯৫।
কর্মক্ষেত্রে ফেরার জন্য মানুষ ঢাকায় আসতে শুরু করেছেন। গতকাল ২৪ এপ্রিল ঢাকায় ঢুকেছেন ৮ লাখ ৭৮ হাজার ৪২ সিমকার্ডধারী। এর মধ্যে গ্রামীণফোনের ২ লাখ ৩৪ হাজার ২৮৪, রবির ২ লাখ ১৯ হাজার ৭৪৫, বাংলালিংকের ৪ লাখ ৩১৫ এবং টেলিটকের ২৩ হাজার ৬৯৮ সিমকার্ডধারী রয়েছেন। গত এক সপ্তাহে ঢাকায় ঢুকেছেন মোট ৪১ লাখ ৬১ হাজার ৪৫২ সিমধারী।