বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণে শাহ্ সিমেন্ট অ্যারিনার নির্মাণকাজ শুরু
শাহ্ সিমেন্ট ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট বা ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) পথচলা ও সহযোগিতার গল্প দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় ‘ইন্সপায়ার অ্যান্ড ইমপ্যাক্ট’ অনুষ্ঠানে ‘শাহ্ সিমেন্ট অ্যারিনা’র নির্মাণকাজের ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার আইএবির আগারগাঁও প্রাঙ্গণের সম্প্রসারণের আনুষ্ঠানিক গ্রাউন্ডব্রেকিং শুরু হলো। সহযোগিতার অংশ হিসেবে আইএবির প্রাঙ্গণ সম্প্রসারণে শাহ্ সিমেন্ট সহায়তা করছে। এর আওতায় প্রায় ১১ হাজার বর্গফুটের একটি বেজমেন্ট এবং তিনতলা একটি কনফারেন্স ও এক্সিবিশন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নতুন স্থাপনার মাল্টিপারপাস বেজমেন্টটির নামকরণ করা হয়েছে ‘শাহ্ সিমেন্ট অ্যারিনা’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএবির প্রেসিডেন্ট স্থাপত্যবিদ প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ, জেনারেল সেক্রেটারি স্থাপত্যবিদ ড. মাসুদ উর রশিদ এবং আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন শাহ্ সিমেন্টের মহাব্যবস্থাপক (ফিন্যান্স) কাজী আসিফ ইকবাল ও সহকারী মহাব্যবস্থাপক (ব্র্যান্ড মার্কেটিং) ইব্রাহীম খলিলসহ আইএবির এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য এবং প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত সদস্যরা।
তাঁদের অংশগ্রহণ গ্রাউন্ডব্রেকিং থেকে শুরু করে সমাপনী উদ্যাপন পর্যন্ত পুরো আয়োজনকে তাৎপর্যপূর্ণ করে তোলে। অনুষ্ঠানটি শুধু একটি নতুন স্থাপনার সূচনাই নয়, বরং শাহ্ সিমেন্ট ও স্থাপত্য অঙ্গনের দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতাকেও তুলে ধরে। যার মাধ্যমে পারস্পরিক পেশাগত যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সৃজনশীল সংলাপের সুযোগ তৈরি হবে।
স্থপতি ও স্থাপত্য অঙ্গনের সদস্যদের জন্য এই পরিসর কনফারেন্স, প্রদর্শনী, পেশাগত আয়োজন ও জ্ঞান বিনিময়ের একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। শাহ্ সিমেন্টের ভাবনায় নির্মাণ শুধু স্থাপনা তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এমন পরিসর তৈরি করাও নির্মাণের অংশ, যেখানে মানুষ, ভাবনা ও সম্ভাবনা একত্র হয়ে অর্থবহ প্রভাব তৈরি করতে পারে।
গ্রাউন্ডব্রেকিং, শাহ্ সিমেন্ট অ্যারিনার উন্মোচন এবং শাহ্ সিমেন্ট ও আইএবির দীর্ঘদিনের সহযোগিতাকে উদ্যাপনের মধ্য দিয়ে ‘ইন্সপায়ার অ্যান্ড ইমপ্যাক্ট’ হয়ে ওঠে স্থাপত্য অঙ্গনের ভবিষ্যৎ নিয়ে সম্মিলিত ভাবনা ও সহযোগিতার একটি বিশেষ আয়োজন।