সরকার আবারও একতরফাভাবে নির্বাচন করতে চাচ্ছে দাবি করে এই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী পেশাজীবী নেতারা। তারা গায়ের জোরে নির্বাচন করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এসব কথা বলেন।
চিকিত্সকদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নিয়ে বক্তব্য দেন।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, সরকার ডামি প্রার্থী দিয়ে ডামি নির্বাচন করতে চায়। কিন্তু দেশের জনগণ সেই নির্বাচন মানবেন না। তাঁরা প্রতিহত করবেন।
জিয়া পরিষদের সভাপতি আবদুল কুদ্দুছ বলেন, দেশের মানুষ পাতানো নির্বাচনে অংশ নেবে না। তারা প্রহসনের একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং আগামী দিনে প্রতিহত করবে।
সরকার গুম-খুন করে বন্দুকের নলের মুখে ক্ষমতা জবরদখল করে রেখেছে, এমন অভিযোগ তুলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আবারও তারা একতরফা নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু এবার জনগণ আর এই নির্বাচন হতে দেবে না। তারা এ ধরনের নির্বাচন চায় না।
ড্যাবের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতা-কর্মীকে মুক্তি দিতে হবে। অন্যথায় গায়ের জোরে নির্বাচন করলে এই সরকারের পরিণতি ভালো হবে না।
একতরফা নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে ড্যাবের সভাপতি হারুন আল রশিদ বলেন, দেশের চরম দুরবস্থা দূর করতে পেশাজীবীসহ দেশের জনগণকে রাজপথে নেমে এসে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা সিদ্দিকী প্রমুখ।