ঢাকার রাস্তায় রাতে নারী চিকিৎসকের শ্লীলতাহানির ঘটনায় একজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্যাতনের অভিযোগ করা নারী চিকিৎসকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার রাস্তায় এক নারী চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় রাব্বি হাসান নামের একজন আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান।

ঘটনাটি পূর্বশত্রুতার জের ধরে ও সাজানো বলে মনে হচ্ছে। তবু সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ায় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও নারী শিশু নির্যাতন আইনে চার আসামি নাজমুল, হাসান, আকাশ ও মশিউরের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।
এম এ মোরশেদ, লালবাগ থানার ওসি

আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে, নারী চিকিৎসকের দায়ের করা মামলায় গ্রেপ্তার রাব্বি হাসান ও নাজমুলকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে লালবাগ থানা-পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রাব্বি হাসানকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। অন্যদিকে নাজমুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকার লালবাগের বেড়িবাঁধে ওই নারী চিকিৎসককে প্রাইভেট কারে তুলে নির্যাতনের অভিযোগে মঙ্গলবার রাতে লালবাগ থানায় মামলা হয়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ওই নারী চিকিৎসক নিজেকে রাজধানীর একটি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক বলে দাবি করেন। তিনি বলেন, পূর্বপরিচিত ব্যক্তিরা হামলা চালিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম করেছেন।

ভিডিওতে নারী চিকিৎসককে বলতে শোনা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে দায়িত্ব পালন শেষে রিকশায় করে লালবাগের বাসায় ফিরছিলেন তিনি। সঙ্গে তাঁর ছোট ভাই ছিল। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁর রিকশার গতি রোধ করে। নাজমুল ও আকাশ নামের দুজন গাড়ি থেকে নেমে তাঁকে রিকশা থেকে টেনে নামান। তখন গাড়ির ভেতরে ছিলেন হাসান ও মশিউর। তাঁরা সবাই তাঁর পূর্বপরিচিত।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মোরশেদ বলেন, ঘটনাটি পূর্বশত্রুতার জের ধরে ও সাজানো বলে তাঁর মনে হচ্ছে। তবু সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ায় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও নারী শিশু নির্যাতন আইনে চার আসামি নাজমুল, হাসান, আকাশ ও মশিউরের বিরুদ্ধে মামলা নিয়েছেন।

আরও পড়ুন