এখন পরিবার কীভাবে চলবে তা–ই লিটনের কাছে বড় প্রশ্ন
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহত মো. লিটন হোসেনের কোনো জমিজমা নেই। ছয় সদস্যের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রিকশা চালাতেন তিনি। এখন তাঁর শরীরের বিভিন্ন স্থানে সেলাই পড়েছে। চিকিৎসক বলে দিয়েছেন, এক মাস কোনো কাজ করা যাবে না। ফলে নিজের শরীরের চেয়ে এখন পরিবার কীভাবে চলবে, এটাই তাঁর সামনে বড় প্রশ্ন।
লিটন হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্ত্রী, দুই ছোট ছেলে, মা–বাবা আছেন। বাবা বৃদ্ধ হওয়ায় কাজ করতে পারেন না। আমাদের কোনো জমিও নেই। কীভাবে চলব, জানি না।’
ঢাকা জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে লিটনকে। তিনি বলেন, ‘আজকে নীলফামারী যাব। ওষুধ কিনতে হবে। এতেই অনেক টাকা খরচ হয়ে যাবে। এই টাকা দিয়ে কয়েক দিন চলার পর কীভাবে চলব, তা নিয়ে ভাবছি।’
লিটন ঢাকায় রিকশা চালাতেন। গতকাল মঙ্গলবার সিদ্দিকবাজারে বিস্ফোরণস্থলের কাছেই রিকশা নিয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তিনি মাটিতে পড়ে যান। লিটন বলেন, ‘বিস্ফোরণের শব্দের পর আমার কিছু মনে নেই। আমাকে কে হাসপাতালে নিয়ে এসেছেন, বলতে পারব না।’
মাথা ও কোমরের দিকে আঘাত রয়েছে তাঁর। লিটন বলেন, চিকিৎসকেরা শরীরের বিভিন্ন অংশে সেলাই করেছেন। তাঁরা বলেছেন, ‘আপনি একটু সুস্থ আছেন, বাসায় চলে যেতে পারেন। আজ চলে যাওয়ার চিন্তা।’
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।