‘স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ডসের আবেদন শুরু ৫ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিআই ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ডস। প্রথমবারের মতো সমাজের সব পর্যায়ের নারীদের স্বীকৃতি প্রদানের জন্য এ বিশেষ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাজের বিভিন্ন পর্যায়ের উদীয়মান, নবীন এবং সম্ভাবনাময় নারীদের বিশেষ অবদানগুলোর জন্য পুরস্কৃত করা হবে। রাজধানীতে বিটিআইয়ের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান এবং দুই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

ডেইলি স্টার সামাজিক উন্নয়ন এবং দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করতে বছরব্যাপী বিভিন্ন খাতে পুরস্কার ও সম্মাননা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় উদীয়মান নারীদের স্বীকৃতি প্রদানের জন্য স্টেলার উইমেন অ্যাওয়ার্ডসের সঙ্গে সম্পৃক্ততা রাখছে দেশের প্রথম সারির জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।  

সংবাদ সম্মেলনে বলা হয়, বিটিআই গতানুগতিক চিন্তাধারা থেকে নিজেদের আলাদা করে তুলতে কাজ করে যাচ্ছে ১৯৮৪ সাল থেকে। বিটিআই প্রচলিত অ্যাওয়ার্ডস শো থেকে কিছুটা ভিন্নতা আনার জন্য বছরব্যাপী সমাজের বিভিন্ন পর্যায়ের কর্মজীবী নারীদের সম্মাননা প্রদান করবে। সে জন্য বিটিআই ও দ্য ডেইলি স্টার প্রতি মাসে ১টি করে মোট ১২টি আলাদা বিভাগে একজন করে নারীকে পুরস্কার প্রদান করবে।

বিভাগগুলো হলো উদ্যোক্তা, খেলাধুলা, কৃষি, শিক্ষা, সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, প্রযুক্তি, স্থাপত্যশৈলী, সাহিত্য, স্টার্টআপ, উন্নয়ন খাত, করপোরেট।

‘স্টেলার উইমেন’ সম্পর্কে বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান বলেন, ‘বিটিআই বরাবরই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এবং সেটার জন্য নিয়মিত কাজ করে। এ উদ্যোগের মাধ্যমে আমরা সমাজের জন্য কাজ করা এবং জাতির জন্য অবদান রাখা সমস্ত নারীকে সম্মান জানাতে চাই। আমরা খুব খুশি যে ডেইলি স্টার এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে।’

আবেদন করার প্রক্রিয়া শুরু হবে ৫ ডিসেম্বর থেকে। আবেদনের প্রক্রিয়াসহ বিস্তারিত জানতে btistellarwomen.thedailystar.net-এ ঢুঁ মারতে পারেন আগ্রহীরা।