রাজধানীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে জান্নাতুল মাওয়া (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে মুগদা থানার পুলিশ।
জান্নাতুল মাওয়া রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের লেখাপড়া করত। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জান্নাতুল মাওয়া মুগদায় এক আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করছিল। তার বাবা সাভারের একটি গার্মেন্টসে চাকরি করেন। মা ভোলায় থাকেন।
মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, সোমবার দুপুরে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা-কাটাকাটি হয় ওই কিশোরীর। পরে সন্ধ্যায় নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।’