আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম সফল হয়েছে: মেয়র তাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারবিষয়ক মতবিনিময় সভায় মেয়র শেখ ফজলে নূর তাপস
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এক সপ্তাহে ‘মাত্র’ ৭৫৫ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়ে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমাদের ডেঙ্গু কার্যক্রম যে সফল হয়েছে, এটি তারই নিদর্শন।’

আজ রোববার বিকেলে দক্ষিণ সিটির কাউন্সিলরদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারবিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, ২২ থেকে ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে ১৪ হাজার ১৫৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটিতে শনাক্ত রোগী মাত্র ৭৫৫ জন। তিনি বলেন, ‘আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম যে সফল হয়েছে, ঢাকাবাসী যে সুফল পাচ্ছেন, এটি তারই নিদর্শন।’

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘অনেকেই ঢালাওভাবে অনেক মন্তব্য করেন। কিন্তু গত সাত দিনের পরিসংখ্যান দেখলে বিষয়টি পরিষ্কার হবে। নানা উদ্যোগ নেওয়ার কারণেই ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১০০ থেকে ১৫০–এর ঘরে রাখা সম্ভব হয়েছে।’

আরও পড়ুন

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ডেঙ্গু শুধু যে আমাদের দেশে বা শুধু ঢাকায় আছে তা নয়, এটা অন্য দেশেও আছে। সব ট্রপিক্যাল কান্ট্রি, সব দেশে এই রোগ আছে। এমনকি যুক্তরাষ্ট্রেও ডেঙ্গু আছে। সুতরাং বহির্বিশ্বের প্রেক্ষাপটে আমরা আমাদের কর্মপরিকল্পনা যেভাবে সাজিয়েছি, তা সারা বিশ্বে স্বীকৃত।’

নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সকাল–সন্ধ্যা ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে চলমান কার্যক্রমের তদারকির কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন

ঢাকা দক্ষিণ সিটি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্‌রাহিম।