ঈদে ৭৯ হাজার টাকার পাঞ্জাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলিনোজ জর্জেটের ওপর সূক্ষ্ম সেলাইয়ে জামদানির নকশা করা এই পাঞ্জাবির দাম ৭৯ হাজার টাকা
ছবি: প্রথম আলো

ধনী–দরিদ্র সবারই নতুন পাঞ্জাবি গায়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার একটি চেষ্টা থাকে। ঈদ সামনে রেখে তাই পাঞ্জাবির তুমুল বেচাবিক্রি হয়। স্বল্প আয়ের মানুষের জন্য কম টাকার পাঞ্জাবির পসরা সাজিয়ে বসেন দোকানিরা, তেমনি ধনী ব্যক্তিদের জন্য দামি পাঞ্জাবি নিয়ে আসে ফ্যাশন ব্র্যান্ডগুলো।  

এবারও ঈদ উপলক্ষে হরেক রকমের পাঞ্জাবি এসেছে। একেকটির দাম একেক রকম। কাপড়ের মধ্যেও আছে বিস্তর ফারাক। রাজধানীতে পোশাকের বিভিন্ন শোরুম ঘুরে একটিতে এমন একটি পাঞ্জাবি পাওয়া গেল, যেটির দাম ৭৯ হাজার টাকা। রাজধানীর গুলশান-১ নম্বরে ফ্যাশন ডিজাইন ব্র্যান্ড ভাসাবির শোরুমে দেখা মিলল ‘সবচেয়ে দামি’ এই পাঞ্জাবির।

পলিনোজ জর্জেটের ওপর সূক্ষ্ম সেলাইয়ে জামদানির নকশা করা এই পাঞ্জাবি মাত্র একটি আনা হয়েছে। ‘আরোগ’ নামের একটি ব্র্যান্ডের জন্য এই পাঞ্জাবি তৈরি করা হয়েছে ভারতে। পাঞ্জাবির গায়ে থাকা মূল্য ৭৫ হাজার টাকা। তবে এর সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ করলে এটির মোট দাম দাঁড়ায় ৭৯ হাজার টাকা।

মনোজ আগারওয়ালের ডিজাইনের অফ হোয়াইট রঙের চিজ কটনের পাঞ্জাবি। দাম ৪৮ হাজার টাকা
ছবি: প্রথম আলো

ভাসাবির সেলস এক্সিকিউটিভ ফরিদ আহমেদ জানালেন, ২০ থেকে ২৫ হাজার টাকা দামের পাঞ্জাবি বেশি বিক্রি হয়েছে এবার। ১০টি ‘এক্সক্লুসিভ’ পাঞ্জাবি আনা হয়েছে। সেগুলোর দাম ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে। এর মধ্যে ৬৮ হাজার আর ৪৫ হাজার টাকার দুটি পাঞ্জাবি বিক্রি হয়েছে। এক্সক্লুসিভ আটটির মধ্যে সবচেয়ে বেশি দামি এই পাঞ্জাবিটি।

৭৯ হাজার টাকা দামের আরোগ ব্র্যান্ডের পাঞ্জাবিটির পাশেই রাখা ছিল মনোজ আগারওয়ালের ডিজাইন করা আরেকটি পাঞ্জাবি। অফ হোয়াইট রঙের চিজ কটনের কাপড়ে গলায়, কলারে জামদানির নকশা করা এই পাঞ্জাবির দাম প্রায় ৪৮ হাজার টাকা।

ফরিদ আহমেদ বললেন, এ ধরনের পাঞ্জাবি একটি করে আনার কারণ দুটি। যাতে একই রকম পাঞ্জাবি দুজন ক্রেতার কাছে না পৌঁছায়। কেউ না কিনলে ক্ষতির পরিমাণ যেন বেশি না হয়।

জারা কালেকশনে পিকক ব্লু রঙের মসলিন কাতানের এই পাঞ্জাবির দাম ৩৬ হাজার টাকা
ছবি: প্রথম আলো

গুলশান–১ নম্বরে ফ্যাশন ব্র্যান্ড জারার সংগ্রহেও দামি পাঞ্জাবির দেখা পাওয়া গেল। এবারের ঈদের জন্য তারা সবচেয়ে বেশি দামের যে পাঞ্জাবিটি এনেছে, সেটির দাম ভ্যাটসহ ৩৬ হাজার টাকা। পিকক ব্লু রঙের মসলিন কাতানের কাপড়ে রয়েল ওয়ার্কের এমব্রয়ডারির কাজ। এই পাঞ্জাবি চার মাপের চারটি রয়েছে।

এর পাশেই দেখা গেল ১৭ হাজার টাকা দামের জ্যাকল্ট কটনের পাঞ্জাবি। জারা কালেকশনের সিনিয়র এক্সিকিউটিভ অ্যান্ড পারচেজ মো. জাফর ইকবাল প্রথম আলোকে জানালেন, অনেক বেশি শৌখিন ও ধনাঢ্য মানুষেরাই এসব পাঞ্জাবি কিনে থাকেন। তাই একটি করে আনা হয়। এর সবই ভারত থেকে আনা পোশাক।

জয়শ্রী সিল্কের গাঢ় নেভি ব্লু রঙের আড়ংয়ের পাঞ্জাবির দাম ১৮ হাজার টাকা। সঙ্গে আছে ভ্যাট
ছবি: প্রথম আলো

২০ হাজার টাকার মধ্যে পাঞ্জাবি দেশীয় অনেক ব্র্যান্ডই এনেছে। বসুন্ধরা শপিং মলে আড়ংয়ের আউটলেটে পাওয়া গেল জয়শ্রী সিল্কের একটি পাঞ্জাবি। গাঢ় নেভি ব্লু রঙের কাপড়ে নীল রং দিয়ে ঠাসা বুননের নকশা করা এই পাঞ্জাবির গায়ে লেখা দাম ১৮ হাজার টাকা। তবে এর সঙ্গে ক্রেতাকে ভ্যাটও পরিশোধ করতে হবে।