ছোট্ট রুনি বলল, ‘জীবনে এই প্রথম বাঘ দেখলাম’
বেলি, জুঁই ও জবা—তিন বাঘিনীর খাঁচার সামনে কথা হয় মো. শুক্কুর আলীর সঙ্গে। ঈদ করতে পরিবার নিয়ে ঢাকায় এসেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার তাঁরা কোথাও যাননি। স্ত্রী, দুই ছেলে ও বোনকে নিয়ে আজ শুক্রবার চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন।
শুক্কুর আলীর ১০ বছর বয়সী বোন রুনি বলে, ‘জীবনে এই প্রথম বাঘ দেখলাম। এখানে বানর ও বক দেখেছি। আরও ঘুরে ঘুরে দেখব।’
শুক্কুর আলী বলেন, ‘পরিবার নিয়ে ঘুরতে এসেছি, ভালোই লাগছে।’
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় রয়েছে। তবে বৃষ্টির কারণে অনেকেই ভোগান্তিতে পড়েন।
কোরবানি ও বৃষ্টির কারণে অনেকেই ঈদের প্রথম দিন ঘুরতে বের হননি। তাই অন্যবারের তুলনায় এবার দর্শনার্থীর চাপ কিছুটা কম ছিল।
সরেজমিন দেখা যায়, চিড়িয়াখানার মূল ফটকের সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নেই। ভেতরেও পশুপাখির খাঁচাগুলোর সামনে দর্শনার্থীর চাপ কিছুটা কম। চাপ কিছুটা কম থাকায় অনেকটা স্বস্তি নিয়েই পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরে দেখতে পারছেন।
কাঁধে করে ছেলেকে লোনাপানির কুমির দেখাচ্ছিলেন রাজধানীর বাসাবো এলাকা থেকে আসা ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘গতকাল কোথাও যাওয়া হয়নি। তাই ছেলে, মেয়ে ও শ্যালককে চিড়িয়াখানায় ঘুরতে এলাম। বাচ্চারা তাতে খুশি।’
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, বাঘ, সিংহ, হাতি, ময়ূর, জিরাফ, জেব্রা, হায়েনা, বানর, উটপাখি, পেলিক্যানসহ তিন হাজারের বেশি পশুপাখি রয়েছে সেখানে। এর মধ্যে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের পশুপাখির সংখ্যা বেশি বলেও জানিয়েছে তাঁরা।
জাতীয় চিড়িয়াখানার নিয়ন্ত্রণে এখন প্রায় ১৮৭ একর জমি রয়েছে। পশুপাখি ছাড়াও জলাশয় ও নানা প্রজাতির গাছপালা রয়েছে এখানে।
দিনের প্রথমভাগে আজ ঢাকায় বৃষ্টি ছিল না। তবে দুপুরের পর দুবার বৃষ্টি নামে। এতে দর্শনার্থীরা অনেকেই ভোগান্তিতে পড়েন। বৃষ্টিতে অনেকেই ভিজে যান। কেউ ছাতা দিয়ে, কেউবা চিড়িয়াখানার বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নেন।
মো. আবদুস সাত্তার বলেন, ‘কেরানীগঞ্জ থেকে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে দুপুরে এসেছি। তার একটু পরই একবার বৃষ্টিতে আটকা পড়ি। এখন আবার আটকা পড়লাম। এখনো অনেক দেখা বাকি। ইচ্ছা আছে সব দেখে যাওয়ার।’
চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, দুই দিন ধরে বৃষ্টি। আজ সকালে বৃষ্টি না থাকলেও অনেকে আশ্বস্ত হতে পারেনি। তাই অনেকেই হয়তো আসেননি। এ কারণে এবার ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থী কিছুটা কম।