মশকনিধনে কর্মীদের অবহেলা পেলে কঠোর ব্যবস্থা: মেয়র আতিক
পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমে কর্মীদের অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আজ রোববার দুপুরে রাজধানীর গুলশান-২–এ করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের হলরুমে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।
শুষ্ক মৌসুমে মশার প্রকোপ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সমন্বয় সভা করেছে উত্তর সিটি করপোরেশন। সভায় আগামী বুধবার থেকে ১৫ দিনের জন্য উত্তর সিটির ৫টি ওয়ার্ডে (ওয়ার্ড নম্বর ১, ১৭, ৪৯, ৫০ ও ৫২) মশার প্রকোপ নিয়ন্ত্রণে সব বিভাগের সমন্বিত ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনার নির্দেশ দেন মেয়র আতিক।
ডিএনসিসি মেয়র বলেন, পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আরও তৎপর হতে হবে। বিশেষ করে পরিচ্ছন্নতা পরিদর্শকদের প্রতিটি এলাকা পরিদর্শন করে কোন কোন ড্রেনে ময়লা বেশি, তার তালিকা তৈরি করতে হবে। কোন কোন ড্রেনে ও নালায় কচুরিপানা ও অন্যান্য ময়লা বেশি, সেগুলোও চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে। মাঠে কাজের ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমে কর্মীদের অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আতিকুল নির্দেশনা দিয়ে বলেন, ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কাউন্সিলরদের অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি সমন্বিত মশকনিধন কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করতে হবে। পাঁচটি ওয়ার্ডে প্রাথমিকভাবে ক্র্যাশ প্রোগ্রাম শুরু হবে। পর্যায়ক্রমে পুরো এলাকায় এই সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে।
ডিএনসিসি মেয়র আরও বলেন, বর্জ্য বিভাগ প্রতিটি এলাকার ড্রেন, খাল, নালা ও জলাশয় নিয়মিত পরিষ্কার করবে এবং তাদের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগ মশকনিধন কার্যক্রম পরিচালনা করবে। কোনো খাল, নালা ও জলাশয়ে কচুরিপানা জমতে দেওয়া যাবে না। প্রতিদিন পরিষ্কার করে ছবি তুলে প্রতিবেদন জমা দিতে হবে।
এ ছাড়াও উত্তর সিটির আওতাধীন এলাকার বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ডোবা ও জলাশয়ের মালিকদের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে পত্র দেওয়ার নির্দেশনা দেন ডিএনসিসি মেয়র।
সভায় আরও ছিলেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।