দূষিত বায়ু থেকে ফুসফুস রক্ষায় সচেতনতার ওপর গুরুত্ব

বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচকেরা
ছবি: এভারকেয়ার হাসপাতালের সৌজন্যে

বায়ু যদি দূষিত হয় এবং প্রতিনিয়ত সেই দূষিত বায়ু গ্রহণ করা হয়, তাহলে মহামূল্যবান ফুসফুসের ব্যাপক ক্ষতি হয়। মানুষ তখন ফুসফুসের নানা রোগে ভোগেন। তাই শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ফুসফুসের সুস্বাস্থ্য রক্ষা, শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধ এবং ক্ষতিকর প্রভাব থেকে ফুসফুসকে মুক্ত রাখার চেষ্টাই হতে পারে নির্মল শ্বাস, সুস্থ জীবন।

বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।

স্থানীয় একটি হোটেলে গতকাল রোববার এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এ দিবসের প্রতিপাদ্য ছিল, ‘আজীবন ফুসফুসের সুস্বাস্থ্য’।

দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যারিস্টোফার্মা পিএলসির সহযোগিতায় আয়োজিত হয় এ গোলটেবিল আলোচনা। এখানে মডারেটর হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. এস এম আবদুল্লাহ আল মামুন।

প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল; জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক এবং চ্যাবের সেক্রেটারি জেনারেল ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসাইন ভূঁইয়া; স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম; এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. রৌশনী জাহান ও ডা. জিয়াউল হক; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ রেজাউল হক; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আদনান ইউসুফ চৌধুরী; বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ; ইউনিকো হসপিটালস পিএলসির রেসপিরেটরি মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ সানা উল্লাহ সরকার; জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন; অ্যারিস্টোফার্মা লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম; স্বাস্থ্যবিষয়ক জ্যেষ্ঠ সাংবাদিক আতাউর রহমান এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি জান্নাতুল বাকেয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. তানিয়া রহমান।

বক্তারা আলোচনায় বলেন, ফুসফুসের সুস্থতা নিশ্চিত করতে ধূমপান ও তামাকজাত পণ্য বর্জন করতে হবে। যেভাবেই হোক, পরিবেশ তথা বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে হবে। প্রচলিত তামাকপণ্যসহ ই-সিগারেট, ভেপিং ইত্যাদি ফুসফুসের জন্য বেশ ক্ষতিকর, বিধায় এগুলোর ব্যবহারও বন্ধ করতে হবে। অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফুসফুসের কোনো রোগ হলে দ্রুত শনাক্ত করে চিকিৎসা নিতে হবে।

গোলটেবিল বৈঠকে বক্তারা আরও বলেন, ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় যেহেতু সচেতনতা জরুরি, সেহেতু সাধারণ মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।