উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুলে স্টেম ফেস্ট অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেম ফেস্টে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে স্টেম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়বারের মতো রোববার দিনভর এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে তিনটি বিভাগে ২৫০ শিক্ষার্থী ৭৫টি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে অংশ নেয়।

স্টেম ফেস্টে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘একটা সময় ছিল, যখন সরকারি বিভিন্ন কর্মকর্তার কক্ষের কম্পিউটার সুন্দর কাপড় দিয়ে ঢাকা অবস্থায় থাকত। সেগুলো ব্যবহার হতো না। আমরা সেগুলো চালু করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম। বুদ্ধি করে নানান প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে সেই চর্চা থেকে কর্মকর্তাদের বের করে আনতে সক্ষম হয়েছিলাম।’

হোপ স্কুল কর্তৃপক্ষ জানায়, ইংরেজি অক্ষর এস, টি, ই এবং এম-এর সমন্বয়ে স্টেমের গঠন। এই স্টেম ফেস্টে সায়েন্স বা বিজ্ঞান, টেকনোলজি বা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল ও ম্যাথমেটিকস বা গণিতের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রদর্শনী নিয়ে এতে অংশ নেয়।

রোববার সকাল ১০টায় স্টেম ফেস্ট শুরু হয়। স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানের বিভিন্ন শাখায় নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে প্রদর্শনী হয়। উৎসবে রোবোটিকস, পদার্থ, রসায়নসহ বিজ্ঞানসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ৭৫টি প্রজেক্ট প্রদর্শিত হয়েছে। উল্লেখযোগ্য প্রজেক্টগুলোর মধ্যে ছিল সিকিউরিটি ড্রোন, এটি ড্রোন কন্ট্রোলার, রিসিভার, মোটর এবং ওয়াই-ফাই ক্যামেরার বিভিন্ন প্রজেক্ট। এ ছাড়া রোবোটিক আর্ম, দ্য সার্কিট পিজা, রিমোট কন্ট্রোল গাড়ি, সেলফ ব্যালেন্সিং রিমোট, স্মার্ট রোবটস, পেপার রিসাইকেল মেশিনসহ বিভিন্ন অত্যাধুনিক প্রজেক্ট নিয়েও শিক্ষার্থীরা অংশ নেয়।

এ বছর তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যাটাগরি, সপ্তম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি এবং দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আরও একটি ক্যাটাগরি।

এর আগে প্রথম স্টেম ফেস্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি দল গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত ‘দুবাই গ্লোবাল চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতায় অংশ নিয়ে ‍দ্বিতীয় স্থান অর্জন করেছিল।

স্টেম ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ রোকসানা জারিন। ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের চেয়ারম্যান আবদুল আজিজ জলদোশভের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। উৎসবে মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে রিউবিক চ্যালেঞ্জ নামের একটি পর্ব দেখানো হয়। দিনভর আয়োজিত উৎসবে বিজ্ঞানবিষয়ক আলোচনা ও প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ছিল। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশ নেওয়া প্রত্যেককে দেওয়া হয় বিশেষ পুরস্কার।