স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ: তিন দিনের রিমান্ডে নাবিল ইউসুফ
স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার নাবিল ইউসুফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে উত্তরা পূর্ব থানা-পুলিশ তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ভিসাগাইড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বাদী জারিন তাসনীমসহ অন্তত ৩৬ জনের কাছ থেকে প্রায় ৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের চেক ও রসিদ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাউকে বিদেশে পাঠানো হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি। গত ৫ জুলাই ভুক্তভোগীরা প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে দেখেন, অফিসটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ জুলাই উত্তরা পূর্ব থানায় মামলাটি করেন ভুক্তভোগী জারিন তাসনীম। ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা থেকে নাবিল ইউসুফকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাত ভাইয়াপাড়া এলাকায়। এ মামলায় এখন পর্যন্ত সাব্বির হোসেন, মতিউর রহমান, সাইদুর রহমান ও রাবেয়া খাতুন তানিয়া নামের চার আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতে রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদ করলে প্রতারণা চক্রের কার্যক্রম, অর্থ আত্মসাতের কৌশল, জড়িত অন্য ব্যক্তিদের পরিচয়, প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা এবং আত্মসাৎ করা অর্থের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই কৌশলে আরও মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।’