ঢামেকের শিক্ষানবিশ চিকিৎসককে হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসক এ কে এম সাজ্জাদ হোসেনের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকারও কড়া সমালোচনা করেছেন তাঁরা।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত সোমবার রাতে মারধরের শিকার হন শিক্ষানবিশ চিকিৎসক এ কে এম সাজ্জাদ হোসেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের কাছে লিখিত অভিযোগ করেছেন সাজ্জাদ। সাজ্জাদ বলেছেন, হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোসংবলিত টি-শার্ট পরা ছিলেন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। তবে তিনি তাঁদের কাউকে চিনতে পারেননি।
শিক্ষানবিশ চিকিৎসক সাজ্জাদের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে একটি মানববন্ধন হয়। এতে অংশ নিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন বলেন, বর্তমানে সারা দেশের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দুর্বৃত্তায়ন মাত্রা ছাড়িয়ে গেছে। প্রায়ই ক্যাম্পাসে ছিনতাই, মারধর, হেনস্তার ঘটনা ঘটছে। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, কনিষ্ঠ শিক্ষার্থীদের অপব্যবহার করে রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমন মানুষদেরও নির্যাতন-হেনস্তা ও ছিনতাই করা হচ্ছে। ক্যাম্পাসের চিহ্নিত সন্ত্রাসীদের বিচার হয় না। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসককে মারধর করা হলো।
শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন আখতার হোসেন। তিনি বলেন, ‘এ পরিস্থিতি চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাধীনভাবে চলাচলের অধিকারও বিঘ্নিত হবে। আমরা প্রশাসনকে মনে করিয়ে দিতে চাই, হলগুলোতে কারা দখলদারি করে, সন্ত্রাসীদের লালনপালন করে, হলগুলোকে কারা মাস্তানদের আখড়ায় পরিণত করেছে, এসবের গডফাদারদের বিচারের আওতায় নিয়ে আসতে পারলেই ঢাকা মেডিকেলের শিক্ষাবনিশ চিকিৎসককে মারধরকারীদের খুঁজে বের করা যাবে। আমাদের দাবি থাকবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাবমূর্তি বিনষ্টের চক্রান্ত করে আসছে, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছিনতাইয়ের টাকায় চলার জন্য কনিষ্ঠ শিক্ষার্থীদের ব্যবহার করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।’
ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সালেহউদ্দিন সিফাত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিপথগামী শিক্ষার্থী অতর্কিত হামলা করে ঢাকা মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসক সাজ্জাদ হোসেনকে আহত করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রদের বৈধ সিটের ব্যবস্থা থাকে না, রাখা হয় গণরুমে। সেখানে রেখে গেস্টরুমে বড় ভাইয়েরা তাদের নানা ধরনের তালিম ও সবক দিয়ে থাকেন। ওই সবক যদি না দেওয়া হতো, তাহলে গ্রাম থেকে আসা একজন শিক্ষার্থী কাউকে এভাবে অতর্কিত হামলা করতেন না। তারা মনে করেন যে তাদের পেছনে ব্যাকআপ হিসেবে রাজনৈতিক বড় ভাইয়েরা আছেন। তাই এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।
মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রিফাত রশীদ বলেন, ‘বহিরাগত বিতাড়নের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিপথগামী শিক্ষার্থী সন্ত্রাসী কার্যক্রম করছে। এটি খতিয়ে দেখা উচিত। সুষ্ঠু নিয়মশৃঙ্খলার মাধ্যমে ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ চাই।’
ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ছাত্র মঈনুল হোসেন বলেন, ‘ক্যাম্পাস নিরাপদ রাখার নামে উগ্র হামলা গ্রহণযোগ্য নয়। ঢাকা মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা যথাযথ নয়। প্রশাসনকে বলব, দ্রুত ব্যবস্থা নিয়ে এ হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসুন।’
মানববন্ধনে অন্যদের মধ্যে আরবি বিভাগের ছাত্র শাহ আলম, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রী মোসাদ্দেকা আফরিন প্রমুখ বক্তব্য দেন।