শুধু ইন্টারনেট নয়, টেলিফোন-কেব্‌ল টিভির তারও ভূগর্ভে নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালামছবি: সংগৃহীত

শুধু ইন্টারনেট নয়, টেলিফোন ও কেব্‌ল টিভি নেটওয়ার্ককেও সমন্বিতভাবে আন্ডারগ্রাউন্ডে (ভূগর্ভে) নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

আবদুস সালাম বলেন, ‘আলাদা আলাদা অবকাঠামোর কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ে। তাই সংশ্লিষ্ট সব সেবা—ইন্টারনেট, টেলিফোন ও কেব্‌ল টিভি একই পরিকল্পনার আওতায় এনে আন্ডারগ্রাউন্ডে নেওয়া প্রয়োজন।’

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘ধানমন্ডি আন্ডারগ্রাউন্ড কমন অ্যাক্সেস নেটওয়ার্ক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম এ কথা বলেন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এ অনুষ্ঠান আয়োজন করে।

প্রশাসক আবদুস সালাম বলেন, ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ে তুলতে আন্ডারগ্রাউন্ড অবকাঠামোর বিকল্প নেই। আগে খোলা আকাশের নিচে তারের জটলা নগরের সৌন্দর্য নষ্ট করত। ধানমন্ডিতে এ ব্যবস্থা চালুর ফলে বাসিন্দারা দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন। এ কার্যক্রম পর্যায়ক্রমে পুরো ঢাকায় সম্প্রসারণ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় ‘ফ্রি ইন্টারনেট জোন’ চালুর প্রস্তাব তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক।

ধানমন্ডিকে ঐতিহ্যবাহী আবাসিক এলাকা উল্লেখ করে এর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন ডিএসসিসির প্রশাসক। ধানমন্ডি লেককে বাণিজ্যিক ব্যবহার থেকে বিরত রাখার আহ্বান জানিয়ে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বারী এবং আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া।