ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ডেঙ্গু রোগী
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এডিস মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। আর চলতি বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ৩২৭ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ৬ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ১ হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৮৬২ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৮ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৭ হাজার ৮৩৫ জন।

দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। তখন ডেঙ্গুর চিকিৎসা ও ব্যবস্থাপনা অনেকের কাছে নতুন ছিল। ওই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণের সংখ্যায় ইতিমধ্যে রেকর্ড হয়েছে।