স্বামী কেনেন, স্ত্রী রাখেন আর ভাতিজা দেন পৌঁছে
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে ১৩ হাজার ইয়াবা বড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহমুদুল হাসান (৪১), মো. সোহাগ মিয়া (৩৭) ও মীম আক্তার (২২)। তাঁদের মধ্যে মাহমুদুল ও মীম স্বামী–স্ত্রী এবং সোহাগ মাহমুদুলের ভাতিজা।
পুলিশ বলেছে, গ্রেপ্তার করা মাহমুদুল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি মূলত ইয়াবার ব্যবসা করেন। টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোয় সরবরাহ করেন তিনি। এই কাজে সহযোগিতা করেন তাঁর স্ত্রী ও ভাতিজা।
সোহাগ উবারে গাড়ি চালানোর আড়ালে বিভিন্ন এলাকায় ইয়াবা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে শেওড়াপাড়ার একটি ভবন থেকে সোহাগসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আলমারিতে বিশেষ কায়দায় রাখা ১২ হাজার, সোহাগের কাছ থেকে ৬০০ ও মীমের কাছ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, মাহমুদুল ১০ বছর ধরে ইয়াবা বিক্রি করেন। একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলেও ছিলেন। জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়েছেন।
ওসি আরও বলেন, মাহমুদুল ইয়াবার পাইকারি বিক্রেতা। তাঁর চক্রে একাধিক সদস্য রয়েছেন। তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
সোহাগ উবারে গাড়ি চালানোর আড়ালে বিভিন্ন এলাকায় ইয়াবা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে শেওড়াপাড়ার একটি ভবন থেকে সোহাগসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আলমারিতে বিশেষ কায়দায় রাখা ১২ হাজার, সোহাগের কাছ থেকে ৬০০ ও মীমের কাছ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। মাহমুদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।