রাজধানীর মাতুয়াইল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর মাতুয়াইল এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সাকিব আল হাসান (১৮)। তিনি জর্দা তৈরির কারখানায় চাকরি করতেন।
আজ শুক্রবার বিকেলে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল হাসেম রোড এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাকিবের বন্ধু মেহাদী হাসানসহ (১৬) অজ্ঞাতনামা আরও এক যুবক আহত হয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, নিহত সাকিব কিশোরগঞ্জ নিকলী উপজেলার জালালপুর গ্রামের আবু তাহেরের ছেলে। বর্তমানে মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের মামাতো দুলাভাই মো. শরিফ মিয়া প্রথম আলো বলেন, বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। হাসেম রোডের মাথায় সড়কে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় তিনজনই গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।
শরিফ আরও জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনজনকে উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিব আল হাসানকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। জরুরি বিভাগে আহত দুজনের চিকিৎসা চলছে। বিষয়টি নিয়ে থানা–পুলিশ কাজ করছে।