ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে খিলক্ষেতের বোটঘাটের নামাপাড়া চানাচুর ফ্যাক্টরি গলিতে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম সালমান আদিব অর্ণব। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত।
শিশুটির বাবা রুহুল আমিন পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল। তিনি প্রথম আলোকে বলেন, তিনি পরিবার নিয়ে ওই ভবনের সপ্তম তলায় থাকেন। বিকেলে সালমান ঘুড়ি ওড়ানোর জন্য বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পর সে ছাদ থেকে পড়ে যায়। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।