বাড্ডায় কিশোরের মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর বাড্ডা এলাকায় সালমান খান নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সালমান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ কথা জানান। সালমান বাড্ডার স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সালমান খানের বড় ভাই মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা বাড্ডার ময়নারবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তাঁর ছোট ভাই আজ বেলা সাড়ে তিনটার দিকে বের হয়। পরে বাসার কাছে অজ্ঞাত ব্যক্তিরা সালমানকে পিটিয়ে জখম করে। সালমানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সালমান মারা যায়।
এদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসীন গাজী আজ শনিবার সন্ধ্যার দিকে প্রথম আলোকে বলেন, ‘বাড্ডা এলাকায় কোনো কিশোর খুনের ঘটনার বিষয়ে নিশ্চিত তথ্য জানা নেই। তবে একটি ঘটনার কথা শুনছি। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’