গুলিস্তানে বিস্ফোরণে হতাহতদের পাশে ছাত্রলীগ
রাজধানী ঢাকার গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। বিস্ফোরণে আহত ব্যক্তিদের জন্য রক্ত সংগ্রহ, প্রাথমিক চিকিৎসা দেওয়া ও আহত ব্যক্তিদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন করেছিল তারা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হতাহত ও তাঁদের স্বজনদের সহযোগিতায় পাশে ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর থেকেই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে থাকে। হতাহত ব্যক্তিদের সঙ্গে তাঁদের স্বজনেরাও আসেন হাসপাতালে। তাঁদের সহযোগিতা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রাত পৌনে আটটার দিকে তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন করে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফও ছুটে যান ঢাকা মেডিকেলে।
কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকার সিদ্দিকবাজারের একটি ভবনে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের জন্য জরুরি ভিত্তিতে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে প্রয়োজনীয় রক্ত জোগান দিতে তাঁরা যেন ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে এগিয়ে আসেন।’ এ আহ্বানের পর ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিতে সহযোগিতা করেন। ‘রক্ত লাগলে যোগাযোগ করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে জরুরি বিভাগের সামনে ছিলেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। তাঁরা আহত ব্যক্তিদের বেশ কয়েকজনের জন্য জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহ করে দেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সংগঠনের ঢাকা মেডিকেল কলেজ শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা বিস্ফোরণে আহত ব্যক্তিদের জন্য রক্ত সংগ্রহ, প্রাথমিক চিকিৎসা দেওয়া ও তাঁদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করেন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসানও।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, সিদ্দিকবাজার বিস্ফোরণে আহত ব্যক্তিদের জন্য রক্তদান, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, প্রাথমিক চিকিৎসা সহায়তা, সার্বিক সহায়তা নিশ্চিতকল্পে তথ্যকেন্দ্র, মেডিসিন সহায়তা, নিহত ও আহত রোগীর স্বজনদের জন্য যেকোনো প্রয়োজনে পাশে থাকাসহ ছাত্রলীগের নানাবিধ কর্মসূচি চলমান। এ সেবা চলমান থাকবে। ছাত্রলীগ দেশের মানুষের যেকোনো সংকটে-প্রয়োজনে ও দুর্যোগ-দুর্বিপাকে ভরসার ঠিকানা হয়ে থাকবে সব সময়।
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। গতকাল রাত পৌনে ১১টার দিকে ভবনে উদ্ধারকাজ স্থগিতের কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমণি শর্মা। আজ বুধবার সকালে সেনাবাহিনী আবার উদ্ধারকাজ শুরু করবে বলে জানান তিনি। গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাঁদের মধ্যে ১৯ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।