দিয়াবাড়ি মেট্রোস্টেশনের নিচে বসা পশুর হাট সরিয়ে দিল পুলিশ

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি মেট্রোস্টেশনছবি: ডিএমপি নিউজ

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মেট্রোস্টেশনের নিচে বসা কোরবানির পশুর হাট সরিয়ে দিয়েছে পুলিশ। এতে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারা মূল্যের পশুর হাট হিসেবে এবার দিয়াবাড়ির হাট জমে উঠেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের ব্যাপক আকর্ষণ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মূল সড়ক ও মেট্রোস্টেশনের নিচে পশু রাখায় যানজটের সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় ডিএমপির উত্তরা বিভাগ সড়ক দখলমুক্ত করতে মেট্রোস্টেশনের নিচ থেকে পশু সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া হাটের ইজারাদারকে ডেকে সতর্ক করা হয়। পরবর্তী সময়ে মেট্রোস্টেশনের নিচে হাট বসালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার নির্দেশনা দেওয়া হয়।