ঈদের সময় সড়কে খোঁড়াখুঁড়ি না করার আহ্বান ডিএমপি কমিশনারের

ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি সদর দপ্তর, ঢাকা; ১৮ মে ২০২৬ছবি: ডিএমপির সৌজন্যে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বেলা ১১টায় ডিএমপির সদর দপ্তরের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সভায় ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্র ও শহর সবার। শহর ও রাষ্ট্রকে সুন্দর ও সচল রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। ঈদের সময় সড়কে খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে দায়িত্ব পালনের অনুরোধ জানান ডিএমপির নতুন কমিশনার।

সভার শুরুতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত দেন।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজিএমইএ, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা সভায় অংশ নেন।