রাজধানীর সিদ্দিকবাজারে রোজ মেরিনার্স ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল বৃহস্পতিবার ভবনটি পরিদর্শন করে
ছবি: সংগৃহীত

রাজধানীর সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স নামের একটি ছয়তলা ভবনকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে ভবনটি পরিদর্শন করে ১২ সদস্যের একটি দল। এরপর তারা এ সিদ্ধান্ত নেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিদর্শক দলে ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিদর্শক দলে এনএসআইয়ের বেশ কয়েকজন সদস্যসহ ওয়াসা, তিতাস গ্যাস ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা ছিলেন।

বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার জানান, ভবনটিতে দুটি বেজমেন্ট রয়েছে, যার একটিতে দোকান বসানো হয়েছে। ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত মার্কেট এবং তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত আবাসিক। ভবনটির মার্কেট অংশে ৫০০টি দোকান আছে এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করে। ভবনটির বেজমেন্ট, মার্কেট ও আবাসিক অংশে অগ্নিনিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা সংরক্ষণ করা নেই। এসব কারণে ভবনটিকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপন করার মাধ্যমে ভবনটির অগ্নিঝুঁকি কমানো গেলে ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে।

গত মার্চ মাসে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মারা গিয়েছিলেন বেশ কয়েকজন।