বুড়িগঙ্গার পাড়ে পড়ে ছিল নিখোঁজ দুই শিশুর স্যান্ডেল, এরপর ভেসে ওঠে লাশ

পানিতে ডুবে শিশুর মৃত্যুপ্রতীকী ছবি

বিকেলে বাসা থেকে বেরিয়েছিল দুই শিশু সাঈফ (৯) ও রোহান (৮)। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তারা ফেরেনি। স্বজনেরা খোঁজাখুঁজি করেন, মাইকিং করেন। পরদিন সকালে বুড়িগঙ্গার পাড়ে পাওয়া যায় তাদের স্যান্ডেল। এরপর নদীতে খোঁজাখুঁজির একপর্যায়ে কচুরিপানার মধ্যে ভেসে ওঠে তাদের লাশ।

নিখোঁজ হওয়ার এক দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ ঢালসংলগ্ন আদি বুড়িগঙ্গার চ্যানেল থেকে সাঈফ ও রোহানের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এই দুই শিশু ছিল প্রতিবেশী।

পুলিশ জানায়, শিশু সাঈফ ও রোহান তাদের মা–বাবার সঙ্গে কামরাঙ্গীরচরের রহমতবাগে থাকত। গতকাল বুধবার বিকেলে বাসা থেকে বেরিয়ে তারা নিখোঁজ হয়। পরে তাদের আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং মাইকিং করেন।

আজ নৌ পুলিশের ঢাকা অঞ্চলের বরিসুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শিশু দুটির মধ্যে একজন সাঁতার জানত, অন্যজন পারত না। স্বজনদের ধারণা, বাঁশের তৈরি ভাসমান ভেলা আনতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকালে নদীর পাড়ে শিশু দুটির স্যান্ডেল দেখতে পান স্বজনেরা। এরপর আরও খোঁজাখুঁজি করলে কচুরিপানার মধ্যে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা। পরে সেখান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দুই শিশু হারিয়ে তাদের পরিবার এখন দিশাহারা। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।