ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করছেন তাঁরা
‘আট বছরের চাকরিজীবনে ১৬টি ঈদ পেয়েছি। তার মধ্যে মাত্র দুটি ঈদে ছুটি পেয়েছি। সবশেষ ছুটি পেয়েছিলাম গত কোরবানির ঈদে। আরেকটা কবে পেয়েছিলাম, তা মনে পড়ছে না। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ছাড়া ঈদ কখনোই আনন্দের হতে পারে না। পরিবার, বন্ধুদের জন্যও এমন দিনে না থাকা কষ্টের। আজ সকালবেলাও বড় ভাই সকালে ফোন করে কান্নাকাটি করেছেন।’
আজ শনিবার বেলা ১১টার দিকে প্রথম আলোকে কথাগুলো বলছিলেন রাজধানীর কারওয়ান বাজার মোড়ে কর্মরত তেজগাঁও অঞ্চলের পুলিশ সার্জেন্ট শফিউল আলম রাজীব। পটুয়াখালীর দুমকি উপজেলায় তাঁর গ্রামের বাড়ি। তাঁর মা-বাবা মারা গেছেন। বড় ভাই গ্রামের বাড়িতে থাকেন। মেজ ভাই ঢাকায় চাকরি করেন, ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে গেছেন। আর শফিউল আলম ঈদের দিন ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন।
শফিউল আলম বলেন, সবারই তো ঈদে ছুটি পেতে ইচ্ছা করে। কিন্তু জরুরি সেবায় নিয়োজিত সবাই তো ছুটি পাবে না। তাই নিজে বা পরিবারের কেউ অসুস্থ থাকলে কিংবা জরুরি কোনো প্রয়োজন থাকলে তাদের ছুটি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। তারপরও ছুটি পেয়ে গেলে সেটা তো অমাবস্যার চাঁদ।
কেবল পুলিশ সদস্যরা নন, এমন জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, গণমাধ্যমকর্মী, বিদ্যুৎ-গ্যাস-পানি খাতে নিয়োজিত কর্মী, পরিবহনশ্রমিক, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাপ্রহরীসহ বিভিন্ন পেশার বহু মানুষ আজ ঈদের দিনেও দায়িত্ব পালন করছেন। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীদের রেখে কষ্ট হলেও তাঁরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পত্রিকা বন্ধ থাকলেও ঈদের দিন টেলিভিশন, অনলাইন নিউজপোর্টালের মতো গণমাধ্যম চালু রয়েছে। ফলে গণমাধ্যমকর্মীদেরও একটা অংশকে কাজ করতে হচ্ছে। এমন একজন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মাহমুদুল হাসান পারভেজ। তাঁর মা চাঁপাইনবাবগঞ্জের গ্রামের বাড়িতে। অসুস্থ বাবা তাঁর ঢাকার বাসায়। আর ছোট্ট মেয়ে ও স্ত্রী গাজীপুরে শ্বশুরবাড়ি। আর তিনি আছেন অফিসে।
মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘অফিসে সহকর্মীদের সঙ্গে যেটুকু ঈদের আনন্দ ভাগাভাগি করা যায়, তা করছি। সন্ধ্যার দিকে অফিস শেষ হবে। তখন সুযোগ তৈরি হলে মেয়েকে দেখতে গাজীপুরে যাব। না হলে ঈদের দিন ছোট্ট মেয়েকেও দেখতে পারব না।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন নিরাপত্তাপ্রহরীরা। ঈদের এই ছুটির সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় তাঁদের গুরুত্ব আরও বেড়ে যায়। ফলে ঈদের এই দিনে নিরাপত্তাপ্রহরীদেরও দায়িত্ব পালন করতে হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তারক্ষীর কাজ করছেন মনির হোসেন। আজ দুপুর ১২টার দিকে তাঁর সঙ্গে কথা হয়।
মনির হোসেন নিরাপত্তাপ্রহরী হিসেবে সাড়ে তিন বছর ধরে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে কোনো ঈদেই তাঁর গ্রামে যাওয়ার সুযোগ হয়নি। চাঁদপুর সদরের গ্রামের বাড়িতে তাঁর ছেলে, স্ত্রী ও মা-বাবা ঈদ করছেন। আজ সকালবেলা তাঁর পরিবার ফোন করেছিল। তখন তাঁর ছোট ছেলে জানতে চেয়েছে, কেন তিনি ঈদে বাড়িতে গেলেন না? মনির হোসেন বলেন, ঈদের পর বেতন পেলে তাঁর বাড়িতে যাওয়ার চিন্তা আছে।
নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এমন দিনে পরিচ্ছন্নতাকর্মীরাও দায়িত্ব পালন করছেন। আজ ভোর চারটায় রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পুরোনো বিজিএমইএ ভবনসংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করতে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মো. ইসমাঈল। পরিবার নিয়ে তিনি থাকেন হাজারীবাগের গণকটুলী সিটি কলোনিতে। কাজ শেষ করে বেলা সাড়ে ১১টার দিকে বাসায় যাওয়ার জন্য কারওয়ান বাজার মোড়ে বাসের অপেক্ষায় ছিলেন ইসমাঈল। তিনি বলেন, ‘এখন বাসায় যাচ্ছি। বাসায় গেলে ঈদ শুরু হবে।’
চিকিৎসক ও নার্সদেরও সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকতে হয়। বারডেম জেনারেল হাসপাতাল এর ব্যতিক্রম নয়। ঈদের এই দিনে বারডেম হাসপাতালে প্রেশার কমে যাওয়া, বেড়ে যাওয়া ও বদহজমজনিত নানা জটিলতা নিয়ে মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। তাঁদের সেবা দিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সরা। তাঁরা জানান, এই হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ দুপুরে বারডেমের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন মেডিকেল অফিসার লিটন দাস। তিনি প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়িতে গেছেন। আট বছর ধরে তিনি বারডেমে চাকরি করছেন, এর মধ্যে কোনো ঈদেই তিনি ছুটি নেননি।
এই হাসপাতালের জরুরি বিভাগে নার্স হিসেবে দায়িত্বে ছিলেন শান্তি দাস, সুমিত্রা কর ও দীপিকা হালদার। এর মধ্যে শান্তি দাস ২৭ বছর ধরে এই হাসপাতালে চাকরি করলেও ঈদের দিনে একবারও ছুটি নেননি।
রাজধানীতে গণপরিবহনও চলাচল করছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসের চালকের সহকারী আবু সাঈদের ঈদে পটুয়াখালীর গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল। যাওয়া হয়ে ওঠেনি। পরিবার নিয়ে ঢাকাতেই ঈদ করছেন। ঈদের এই দিনে কাজেও বের হয়েছেন। আবু সাঈদ বলেন, ‘আশা করি কোরবানির ঈদ গ্রামে করব।’
এমন অনেক মানুষ ঈদের দিনেও কাজ করে যাচ্ছেন। তাঁদের এই শ্রম, ত্যাগ রাজধানীসহ সারা দেশের মানুষের ঈদ আনন্দকে করে তুলেছে সহজ, স্বস্তিদায়ক ও নিরাপদ।