ডিএনসিসি কাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই
তরুণসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবেও প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য খেলার মাঠ দখলমুক্ত করা, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার ওপর গুরুত্ব দেন তাঁরা।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘ডিএনসিসি কাপ ২০২৬’-এর উদ্বোধন, লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; নগরবাসীর সুস্থতা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও প্রকৃত উন্নয়নের অংশ। ফুটবল মানুষের মধ্যে ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি করে। তরুণদের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
পর্যটনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন। এ জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা, ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে আগামী প্রজন্মকে সুশৃঙ্খল সমাজ উপহার দিতে সরকার কাজ করছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া আয়োজন, উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ এবং ২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, ফুটবল, হকি, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ফুটবল আবার প্রাণ ফিরে পাচ্ছে, মানুষ মাঠে ফিরছে। ডিএনসিসির এ উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও একই ধরনের আয়োজনের কথা ভাবছে। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খেলার মাঠ দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কয়েকটি মাঠ সংস্কার করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে একযোগে এ টুর্নামেন্টের খেলা শুরু হবে। ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন প্রশাসক। এর মধ্যে রয়েছে হাতিরঝিলে নৌকাবাইচ, ৩০০ জনের অংশগ্রহণে ম্যারাথন, বনানীর কামাল আতাতুর্ক মাঠে ফুলের মেলা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান এবং পরিচ্ছন্নতাকর্মীদের পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ডিএনসিসি কাপের টেকনিক্যাল ডিরেক্টর সাইদ হাসান কানন এবং সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালী সাব্বির।
এ সময় সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রীড়া সংগঠক, বিভিন্ন এলাকার সোসাইটি ও স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।